দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিরাজগঞ্জে শহরের মাহমুদপুর এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোছা. রহিমা আক্তার ওরফে হারানীকে (৫৫) গতকাল বুধবার গ্রেপ্তার করা হয়েছে। একই দিন বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকা থেকে লোকমান হোসেন (৩৫) নামের আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
র্যা ব-১২ কোম্পানি অধিনায়ক এএসপি হাসিবুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে র্যা ব সদস্যরা মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে মোছা. রহিমা আক্তারকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর কাছ থেকে ৩৭ গ্রাম হেরোইন ও ছয় বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি এলাকায় ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত। এ ঘটনায় র্যা ব বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছে।
সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (টিএসআই) মুক্তি মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে অভিযান চালিয়ে পৌর শহরের ঘোড়াঘাট-সংলগ্ন বটতলা এলাকা থেকে ১৫টি ইয়াবা ট্যাবলেটসহ লোকমান হোসেনকে গ্রেপ্তার করা হয়। লোকমান হোসেন কুষ্টিয়া জেলা সদরের মৃত আবুল কাশেমের ছেলে। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।