দুই মানব পাচারকারী গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফ ও উখিয়া থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত দুই মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ইউছুপ জালাল সমুদ্রপথে মানব পাচারের আন্তর্জাতিক দালাল চক্রের টেকনাফের এজেন্ট। গত শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আর গতকাল শনিবার সকালে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়ায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ আলমকে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার প্রথম আলোকে জানান, কিছুদিন আগে কুমিল্লার মাঈনুদ্দীনসহ তিনজনকে মালয়েশিয়ায় পাচার করে ইউছুপ। পরে মাঈনুদ্দিনের ভাই মহিউদ্দিনের কাছ থেকে ইউছুপ মুক্তিপণ হিসেবে সাড়ে ৪ লাখ টাকা আদায় করে। কিন্তু মাঈনুদ্দিনসহ তিনজনের পরিবার তাঁদের কোনো হদিস পাচ্ছিল না। পরে গত সাত এপ্রিল ইউছুপ জালালকে আসামি করে টেকনাফ থানায় অভিযোগ করেন মহিউদ্দিন।
আতাউর রহমান খন্দকার জানান, ইউছুপ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে ওই তিন যুবক ইন্দোনেশিয়ায় রয়েছেন। তার এক ছেলে মালয়েশিয়া থাকে।
ওসি জানান, ইউছুপকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডের আবেদন করা হবে।
এদিকে গতকাল সকালে উখিয়ার সোনারপাড়া থেকে গ্রেপ্তার মোহাম্মদ আলমের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে তিনটি মামলা রয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান জানান, আলম সিন্ডিকেটের মাধ্যমে গত পাঁচ মাসে অন্তত দেড় হাজার লোককে নৌকায় করে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচার করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এই সিন্ডিকেটের অন্য সদস্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।