দুই মামলায় বিটিসিএলের তিন কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ গ্রহণ ও তল্লাশিতে বিপুল পরিমাণে টাকা-সঞ্চয়পত্র উদ্ধারের ঘটনায় আটক বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) তিন কর্মীর বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিটিসিএলের ওই তিন কর্মী হলেন বিটিসিএল নন্দনকানন কার্যালয়ের প্রধান সহকারী মো. গিয়াস উদ্দিন, টেলিফোন অপারেটর মো. হুমায়ুন কবির ও বিভাগীয় প্রকৌশলী (অভ্যন্তরীণ) প্রদীপ দাশ।

আজ বৃহস্পতিবার বিকেলে দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিনজনকে চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরীর আদালতে হাজির করা হয়। তাঁরা জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুদক সূত্র জানিয়েছে, এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় দুটি মামলা হয়েছে। দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক মানিক লাল দাশ বাদী হয়ে গতকাল বুধবার রাতে মামলা দুটি করেন। এর মধ্যে ঘুষ গ্রহণের সময় হাতেনাতে ধরা পড়ায় বিটিসিএল নন্দনকানন কার্যালয়ের প্রধান সহকারী মো. গিয়াস উদ্দিন ও টেলিফোন অপারেটর মো. হুমায়ুন কবিরের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আর কক্ষ তল্লাশি করে ৮৫ লাখ টাকার সঞ্চয়পত্র, নগদ ২ লাখ ৩৪ হাজার টাকা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় এই দুজনের পাশাপাশি বিভাগীয় প্রকৌশলী (অভ্যন্তরীণ) প্রদীপ দাশকেও আসামি করা হয়েছে।

দুদকের আইনজীবী মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, আজ দুটি মামলায় গ্রেপ্তার ওই তিনজনকে আদালতে হাজির করা হয়। এ সময় তাঁরা জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এ আবেদনের বিরোধিতা করেছে। পরে দুই পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

দুদক চট্টগ্রামের বিভাগীয় পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া বলেন, দু-এক দিনের মধ্যে মামলা দুটির তদন্ত শুরু করা হবে। উদ্ধার করা টাকা ও সঞ্চয়পত্রের উৎস কী, সে বিষয়ে তদন্ত করা হবে। এর বাইরে আসামিদের আর কোনো অবৈধ সম্পদ আছে কি না, তা–ও বের করার চেষ্টা করা হবে।

গতকাল সাবেক সহকর্মীর কাছ থেকে ঘুষ নেওয়ার সময় বিটিসিএল নন্দনকানন কার্যালয়ের প্রধান সহকারী মো. গিয়াস উদ্দিন, টেলিফোন অপারেটর মো. হুমায়ুন কবিরকে আটক করা হয়। পরে কার্যালয়ের প্রধান সহকারী ও বিভাগীয় প্রকৌশলীর (অভ্যন্তরীণ) কক্ষের আলমারি ও রেজিস্ট্রার বই তল্লাশি করে ২ লাখ ৩৪ হাজার টাকা ও ৮৫ লাখ টাকার সঞ্চয়পত্র জব্দ করা হয়। এ ঘটনায় বিভাগীয় প্রকৌশলীকেও আটক করা হয়।