দুই মামলায় বিটিসিএলের তিন কর্মী রিমান্ডে
চট্টগ্রামের নন্দনকাননে বিটিসিএল কার্যালয় থেকে বিভাগীয় প্রকৌশলীসহ গ্রেপ্তার তিনজনের দুর্নীতির পৃথক দুই মামলায় রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।
গত ১৭ আগস্ট সাবেক সহকর্মীর কাছ থেকে ঘুষ নেওয়ার সময় দুদকের ফাঁদে ধরা পড়েন বিটিসিএল চট্টগ্রামের নন্দনকানন কার্যালয়ের প্রধান সহকারী মো. গিয়াস উদ্দিন ও টেলিফোন অপারেটর হুমায়ুন কবির। পরে কার্যালয়ের প্রধান সহকারী ও বিভাগীয় প্রকৌশলীর (অভ্যন্তরীণ) কক্ষের আলমারি ও রেজিস্টার বই তল্লাশি করে নগদ ২ লাখ ৩৪ হাজার টাকা ও ৮৫ লাখ টাকার সঞ্চয়পত্র জব্দ করা হয়। এ ঘটনায় বিভাগীয় প্রকৌশলীকেও আটক করা হয়।
দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, দুই মামলায় আসামিদের জিজ্ঞাসাবাদ করতে সাত দিন করে রিমান্ডের আবেদন করেন দুদক চট্টগ্রামের উপপরিচালক মোশারফ হোসেন মৃধা। আজ শুনানি শেষে আদালত এক মামলায় গিয়াস ও হুমায়ুনকে দুই দিন করে এবং অপর মামলায় বিভাগীয় প্রকৌশলী, গিয়াস ও হুমায়ুনকে এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ সময় তাঁরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের উপসহকারী পরিচালক মানিক লাল দাশ বাদী হয়ে ১৭ আগস্ট রাতে নগরের কোতোয়ালি থানায় এ মামলা দুটি করেন। এর মধ্যে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ায় বিটিসিএল নন্দনকানন কার্যালয়ে প্রধান সহকারী মো. গিয়াস উদ্দিন ও টেলিফোন অপারেটর মো. হুমায়ুন কবিরের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আর কক্ষ তল্লাশি করে ৮৫ লাখ টাকার সঞ্চয়পত্র, নগদ ২ লাখ ৩৪ হাজার টাকা উদ্ধারের ঘটনায় অবৈধ উপার্জনের অভিযোগে করা মামলায় এই দুজনের পাশাপাশি বিভাগীয় প্রকৌশলী (অভ্যন্তরীণ) প্রদীপ দাশকেও আসামি করা হয়েছে।
আরও পড়ুন...
দুই মামলা, তিনজন কারাগারে