দুই মামলায় শিবিরের ১৪ নেতা কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের বিজয় দিবসের সমাবেশে হামলার ঘটনায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১২০ জনের বিরুদ্ধে গত বুধবার রাতে পৃথক দুটি মামলা হয়েছে। চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন অস্ত্র উদ্ধার ও ভাঙচুরের ঘটনায় মামলা দুটি করেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, বুধবারের সন্ত্রাসী হামলার ঘটনায় অস্ত্র আইনে একটি এবং ভাঙচুরের ঘটনায় আরেকটি মামলা হয়েছে। এজাহারে নাম উল্লেখ করা দুই মামলার ১৮ আসামির মধ্যে ১৪ জনকে ওই দিন দুপুরেই গ্রেপ্তার করা হয়েছে। এজাহারভুক্ত পলাতক চার আসামি হলেন চট্টগ্রাম কলেজ ও সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজ শাখা শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক। তাঁদের ধরতে অভিযান চলছে।
বুধবার চট্টগ্রাম কলেজের শহীদ মিনারের পাশে ছাত্রলীগের বিজয় দিবসের সমাবেশের পাশে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনার জন্য শিবিরকে দায়ী করেছে ছাত্রলীগ। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হন। এই ঘটনার জের ধরে ওই দিন সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম কলেজের সামনের সড়ক অবরোধ করে রাখেন ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বুধবার বিকেলে চট্টগ্রাম কলেজের চারটি ও রাতে মুহসীন কলেজের দুটি ছাত্রাবাস বন্ধ ঘোষণা করা হয়। এর আগে ওই দিন দুপুরে চট্টগ্রাম কলেজের দুটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে পুলিশ কয়েকটি ছুরি উদ্ধার করে।