জামালপুরের সরিষাবাড়ীতে বখাটের ভয়ে দুই মাস ধরে মাদ্রাসায় যেতে পারছে না এক ছাত্রী। এ ঘটনায় পঞ্চম শ্রেণির ওই ছাত্রীর বাবা ওই বখাটের বিরুদ্ধে ১৫ মার্চ সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু এ সময়ের মধ্যে আইনানুগ কোনো ব্যবস্থাই নেয়নি পুলিশ।
ভুক্তভোগী ছাত্রীর পরিবার ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে (১১) মাদ্রাসায় আসা-যাওয়ার পথে সেংগুয়া গ্রামের সালমান (২২) উত্ত্যক্ত করে আসছেন। তিনি ছাত্রীর হাত ধরেও টানাটানি করেছেন। বিষয়টি ওই ছাত্রী তার মাদ্রাসার শিক্ষক ও অভিভাবককে বেশ কয়েকবার জানিয়েছিল। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। শেষমেশ গত ফেব্রুয়ারি মাসের শুরু থেকে সে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়।
এ বিষয়ে সালমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
ছাত্রীর মা প্রথম আলোকে বলেন, মেয়েকে নিয়ে তাঁরা মুশকিলে পড়েছেন। বখাটের ভয়ে মেয়ে মাদ্রাসায় যাওয়া বন্ধ করেছে। এখন ওই বখাটে প্রায়ই তাঁদের বাড়িতে এসে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ইলাহী আখন্দ বলেন, উত্ত্যক্তের শিকার ছাত্রী যাতে নির্বিঘ্নে ক্লাসে যেতে পারে, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
মাদ্রাসার সুপার বলেন, মাদ্রাসা পরিচালনা পর্ষদকে নিয়ে বৈঠক করে বখাটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও ফ্লোরা বিলকিস জাহান বলেন, বখাটেকে গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হবে।
সরিষাবাড়ী থানার (ওসি) মো. বিল্লাল উদ্দিন বলেন, শিগগিরই বখাটেকে গ্রেপ্তার করা হবে।