দুই মাস ধরে পড়ে আছে লাশটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হস্তান্তর জটিলতায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে ৬৫ দিন ধরে পড়ে আছে এক ভারতীয় নাগরিকের লাশ। দীর্ঘদিন পড়ে থাকায় দুর্গন্ধে হিমঘরটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
এই ব্যক্তির নাম গোলক সরকার (৪৮)। তিনি ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার আয়ড়া গ্রামের প্রহ্লাদ সরকারের ছেলে। বাগেরহাটের চিতলমারীতে জামাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। গত ২২ ডিসেম্বর ওই এলাকার একটি ঘের থেকে তাঁর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে লাশটি হিমঘরে পাঠানো হয়।
হাসপাতাল সূত্র জানায়, ২৩ ডিসেম্বর গোলক সরকারের লাশ হিমঘরে পাঠায় চিতলমারী থানার পুলিশ। এরপর ৬৫ দিন অতিবাহিত হলেও লাশ নেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ইতিমধ্যে ২৫ ডিসেম্বর থেকে প্রায় এক সপ্তাহ হিমঘরটি হঠাৎ নষ্ট হয়ে যায়। সে সময় লাশটি বাইরে কফিন করে বরফ দিয়ে রাখা হয়। কিন্তু লাশে পচন ধরায় দুর্গন্ধে হিমঘরটি খোলা যাচ্ছে না। এতে প্রচণ্ড দুর্গন্ধজনিত সমস্যায় আছেন হাসপাতালের জরুরি বিভাগে আসা রোগী, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা।
হাসপাতালের ওয়ার্ডমাস্টার আতাউর রহমান জানান, হিমঘরে ছয়টি লাশ রাখা যায়। কিন্তু দুর্গন্ধের কারণে এখন একটিও রাখা যাচ্ছে না।
সূত্রটি জানায়, হিমঘর খুলতে গেলেই লোকজন দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ছেন। ৮ ফেব্রুয়ারি লাশটি অন্যত্র সরিয়ে নিতে বাগেরহাটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের কাছে আবেদন করা হয়। তিনি ১৭ ফেব্রুয়ারি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে লাশটি ঢাকা মেডিকেলে নেওয়ার জন্য নির্দেশ দেন। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
জানতে চাইলে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, বিদেশি নাগরিক বলে আদালতের নির্দেশে লাশটি হিমঘরে রাখা হয়েছে। লাশটি নেওয়ার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে।