দুই মাস নিখোঁজের পর লাশ মিলল কবরে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আজিমপুর কবরস্থান থেকে গতকাল মঙ্গলবার একটি লাশ উত্তোলন করেছে রাজশাহীর পবা থানার পুলিশ।
পুলিশের ধারণা, লাশটি রাজশাহীর পবার নওহাটার পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবদুল গফুর সরকারের (৫৫)। তিনি প্রায় দুই মাস ধরে নিখোঁজ। এ ঘটনায় গ্রেপ্তার জান্নাতুল সালমা ওরফে মিমের তথ্যের ভিত্তিতে ওই লাশটি উত্তোলন করা হয়। লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তবে লাশটি পচে যাওয়ায় চেনা কঠিন। তাই ডিএনএ পরীক্ষায় এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে সালমা জানিয়েছেন, আবদুল গফুরকে হত্যা করে গত ৮ জানুয়ারি আজিমপুর কবরস্থানে দাফন করেন তিনি।
পুলিশ ও আবদুল গফুরের পরিবার জানায়, আবদুল গফুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি। গত ৩১ ডিসেম্বর রাতে তিনি পৌরসভার কাজে ঢাকায় যাওয়ার কথা বলে পবার নওহাটার বাসা থেকে বের হন। ১ জানুয়ারি তিনি মুঠোফোনে পরিবারকে ঢাকায় পৌঁছেছেন বলে জানান। কিন্তু এরপর ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না তাঁর। পরিবারের সদস্যরা মুঠোফোনে বার্তা পাঠিয়ে ফোন ধরার অনুরোধ করেন। কিন্তু আবদুল গফুরের মুঠোফোন থেকে ‘ব্যস্ত আছি’, ‘পরে কথা বলব’—এ ধরনের বার্তা পাঠানো হয়। কয়েক দিন পর ওই মুঠোফোন থেকে দুটি বিকাশ নম্বর দিয়ে ৫০ হাজার টাকা পাঠানোর জন্য পরিবারের একজনের মুঠোফোনে বার্তা পাঠানো হয়। ১৬ জানুয়ারি বাড়ি ফেরার কথা লিখে আরেকটি বার্তা পাঠানো হয়। কিন্তু তিনি বাড়ি না ফেরায় পরিবারের সন্দেহ হয়। ১৯ জানুয়ারি আবদুল গফুরের স্ত্রী ফজিলাতুন্নেসা পবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ জানায়, জিডির পর তদন্তে নেমে পুলিশ প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়, আবদুল গফুর নিখোঁজের ঘটনার সঙ্গে জান্নাতুল সালমা নামের ওই নারী জড়িত। ২৩ জানুয়ারি সংসদ ভবন এলাকা থেকে সালমাকে গ্রেপ্তার করে পবা থানার পুলিশ। পরে থানায় অপহরণ মামলায় সালমাকে রিমান্ডে আনা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পবা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, সালমার তথ্য অনুযায়ী, জানুয়ারির প্রথম সপ্তাহে তিনি গফুরকে ফোন করে ঢাকায় নিয়ে আসেন। এরপর সালমা তাঁকে মোহাম্মদপুরে তাঁর স্বামী হারুন অর রশিদের বাসায় নিয়ে যান। সেখানে ৭ জানুয়ারি রাতে সালমার সামনেই স্বামী হারুন অর রশিদ মেয়র আবদুল গফুরকে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করেন। ৮ জানুয়ারি আজিমপুর কবরস্থানে লাশ দাফন করেন সালমা। কবরস্থানের কর্মকর্তাদের তিনি নিজেকে গফুরের বোন ও নিজের নাম শামীমা বলে পরিচয় দেন।
তদন্ত কর্মকর্তা বলেন, এ তথ্যের ভিত্তিতে রাজশাহীর আদালতের অনুমতি নিয়ে গতকাল বিকেলে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহানুল হকের উপস্থিতিতে কবর থেকে লাশ তোলা হয়। কবর শনাক্তের জন্য সালমাকেও ঢাকায় আনা হয়। ওই কবরের নামফলকে মৃত ব্যক্তির নাম ‘আবদুল গফুর সরকার’ লেখা ছিল।
গতকাল সন্ধ্যায় আজিমপুর কবরস্থানের কার্যালয়ে গেলে কবরস্থানের নিবন্ধক হাফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ৮ জানুয়ারি শামীমা পরিচয়ে এক নারী কান্নাকাটি করে একটি লাশ নিয়ে আসেন। বলেন, লাশটি তাঁর ভাইয়ের। ওই নারী রাজধানীর একটি হাসপাতালের মৃত্যুসনদও দেখান। সনদে মৃত ব্যক্তির নাম ‘আবদুল গফুর সরকার’ লেখা ছিল। এক জায়গায় লেখা ছিল ‘ব্রট ডেড’ (হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক কর্তৃক মৃত ঘোষণা)। মৃত্যুর তারিখ লেখা ছিল ৩ জানুয়ারি। ঠিকানা রাজশাহীর বোয়ালিয়ার রামচন্দ্রপুর।
কবরস্থানে নিবন্ধক হাফিজুল বলেন, ওই নারীর বর্ণনা অনুযায়ী নিবন্ধন খাতায় সব তথ্য লেখা হয়। তবে কীভাবে ওই লোকের মৃত্যু হয়েছে, সে ব্যাপারে তাঁরা ওই নারীর কাছ থেকে কিছু জানতে চাননি। মৃত্যুসনদটিও রাখেননি। তবে মৃত্যুর পাঁচ দিন পর লাশ দাফন কেন, জানতে চাইলে ওই নারী বলেছিলেন, একটি হাসপাতালের হিমঘরে তাঁর ভাইয়ের লাশ রাখা ছিল। ভাইয়ের শুধু অপ্রাপ্তবয়স্ক একটি সন্তান থাকায় তিনি লাশ দাফন করতে এসেছেন।
এ ঘটনার কারণ সম্পর্কে তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘তদন্তের স্বার্থে এখন কিছুই বলতে পারছি না। ঘটনার সঙ্গে সালমার দুই বোন জান্নাতুন নাঈম ও জান্নাতুল ফেরদৌসসহ আরও বেশ কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। দুই বোনকে গ্রেপ্তার করা হলেও বাকিরা পলাতক।’
জানা গেছে, সালমার বাবার বাড়ি রাজশাহীর গোদাগাড়ীতে। তাঁর বিয়ে হয়েছে গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া গ্রামের হারুন অর রশিদের সঙ্গে। হারুন ঢাকায় একটি ক্লিনিকে চাকরি করেন। কয়েক বছর আগে তিনি নওহাটায় সায়াগ্রাম নামের একটি এনজিও প্রতিষ্ঠা করেন। ওই সময় মেয়র গফুরের সঙ্গে সালমার পরিচয় হয়। দুই বছর আগে ওই এনজিও এবং ক্লিনিকটি গুটিয়ে নেওয়া হয়। এরপর নওগাঁ গিয়ে ‘সালমা ক্লিনিক’ নামের একটি ক্লিনিক খোলেন সালমা। সালমা ও তাঁর বোন জান্নাতুন নাঈম ওই ক্লিনিক দেখাশোনা করতেন।
গতকাল সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে আবদুল গফুরের ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ ওরফে রুনু সাংবাদিকদের বলেন, তাঁরা সালমা নামের ওই নারীকে চেনেন না। কী কারণে এ ঘটনা, তা-ও বুঝতে পারছেন না।