দুই মাস পর দুপচাঁচিয়ায় ৫ লাখ টাকার কাপড় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে ট্রাকে নীলফামারী নেওয়ার পথে বগুড়ায় ছিনতাই হওয়া প্রায় সোয়া কোটি টাকার মালামালের কিছু অংশ বগুড়ার দুপচাঁচিয়ার একটি পরিত্যক্ত গুদাম থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বগুড়া ও নাটোরের ডিবি পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গত রোববার রাতে ওই গুদাম থেকে প্রায় পাঁচ লাখ টাকার শাড়ি, লুঙ্গি ও গামছা উদ্ধার করে। পরদিন সোমবার সকালে দুপচাঁচিয়া থানা-পুলিশ দেবখণ্ড গ্রাম থেকে ৬২০টি লুঙ্গি ও ২৮৮টি গামছা উদ্ধার করে। ঘটনার পর থেকে গুদাম-মালিক ফরিদ উদ্দিন আত্মগোপনে রয়েছেন।

গত ৯ এপ্রিল রাতে নীলফামারী, সৈয়দপুর, ঠাকুরগাঁওসহ বিভিন্ন শহরের প্রায় ২৮ জন ব্যবসায়ীর কেনা মালামাল নিয়ে একটি ট্রাক শাহজাদপুর থেকে রওনা হয়। রাত সোয়া একটার দিকে ট্রাকটি বগুড়ার মহাস্থানগড় সেতু পার হওয়ার পর একদল দুর্বৃত্ত ট্রাকটি ছিনতাই করে। শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড থেকে রওনা দেওয়া ওই ট্রাকে ১ কোটি ২০ লাখ টাকার ৪১ গাট্টি মালামাল ছিল।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করেন, মামলা করতে গেলে ঘটনাস্থল বগুড়া নয়, এমন দাবি করে শিবগঞ্জ থানা-পুলিশ মামলা নেয়নি। পরে জেলা পুলিশের কাছে ধরনা দিয়েও প্রতিকার মেলেনি। অবশেষে ১২ এপ্রিল পরিবহন ঠিকাদার তৌহিদ আলী বাদী হয়ে নাটোরের সিংড়া থানায় মামলা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছিনতাই হওয়া ট্রাকের চালক আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নীলফামারীর ডোমার উপজেলার বাসিন্দা মো. মহিউদ্দিন অভিযোগ করেন, মহাস্থানগড় সেতু পার হওয়ার পর শিবগঞ্জ উপজেলা থেকে ট্রাকটি ছিনতাই হয়। তাৎক্ষণিক তৎপরতা চালালে ছিনতাই হওয়া মালামাল বগুড়া থেকে উদ্ধার করা সম্ভব হতো। কিন্তু শিবগঞ্জ থানা-পুলিশ কোনো সহযোগিতা তো করেইনি, উল্টো তারা দাবি করেছিল ছিনতাইয়ের ঘটনা বগুড়ায় ঘটেনি। এমনকি মামলাও নেয়নি।

তবে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান বলেন, অভিযোগ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছিল। সেখানে ট্রাক ছিনতাইয়ের সত্যতা মেলেনি। এ জন্য মামলা নেওয়াও সম্ভব হয়নি।

বগুড়া ডিবির পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে দুপচাঁচিয়ায় অভিযান চালানো হয়েছিল। সেখানকার পরিত্যক্ত একটি গুদাম থেকে বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।