দুই মাসে জলদস্যুদের ২০ লাখ টাকা চাঁদাবাজি!
নোয়াখালীর হাতিয়ার মেঘনা ও সংলগ্ন বঙ্গোপসাগরে গত প্রায় দুই মাসে জেলেদের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা চাঁদা আদায় করেছে জলদস্যু কাউয়্যা কামাল বাহিনী। পুলিশ এ কথা জানিয়েছে।
গত রোববার চট্টগ্রাম থেকে কাউয়্যা কামাল বাহিনীর সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের জিজ্ঞাসাবাদে নানা তথ্য বেরিয়ে আসে।
গতকাল সোমবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেপ্তার সাতজনকে হাজির করা হয়। সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার ইলিয়াছ শরীফ এবং সাত ব্যক্তিকে গ্রেপ্তারে চালানো অভিযানে নেতৃত্বদানকারী সহকারী পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, সাম্প্রতিক সময়ে হাতিয়ার মেঘনা ও তৎসংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় জেলেদের আতঙ্ক হয়ে ওঠে জলদস্যু কাউয়্যা কামাল বাহিনী। তিনি বলেন, এই বাহিনীর সদস্যসংখ্যা ৩০-৪০ জন। এ বাহিনীর বিরুদ্ধে গত ৫ জুলাই হাতিয়ার ঠেঙ্গারচরে সুবর্ণচরের জেলে আলাউদ্দিনকে অপহরণের পর গুলি করে হত্যা ছাড়াও গত দুই মাসে একাধিক ট্রলারসহ বেশ কয়েকজন জেলেকে অপহরণ ও বিভিন্ন অঙ্কের মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেপ্তার অভিযানে জলদস্যুদের আস্তানা থেকে চাঁদা আদায়ের প্রায় এক হাজার টোকেন উদ্ধার করা হয়েছে। জলদস্যুদের আস্তানায় পাওয়া খাতায় ২০ লাখ টাকা চাঁদা আদায়ের হিসাব পাওয়া গেছে।
পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ বলেন, হাতিয়ার মেঘনা কিংবা সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুরা যাতে তৎপরতা চালাতে না পারে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হচ্ছে। তিনি জানান, একই লক্ষ্যে শিগগিরই নদী ও সাগরে যৌথ অভিযান চালানো হবে।