দুই মাসেই পাল্টে গেল আ.লীগ নেতার শিক্ষাগত যোগ্যতা!
নওগাঁর বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসকেন্দার মির্জা ওরফে বাচ্চু স্নাতক পাসের ভুয়া সনদ দিয়ে স্থানীয় একটি কলেজ পরিচালনা কমিটির সভাপতি হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
চলতি বছর বদলগাছী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার সময় নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় তাঁর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা ছিল উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস। নির্বাচনের দুই মাস পর হঠাৎ করেই তিনি স্নাতক পাস দেখিয়ে উপজেলার কোলা আদর্শ ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি নিযুক্ত হন।
এ ঘটনায় ৩ আগস্ট কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ ছয়জন এসকেন্দার মির্জার বিরুদ্ধে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন।
ইউএনও হুসাইন শওকত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘কোলা আদর্শ ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি এসকেন্দার মির্জার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে পাওয়া অভিযোগটি তদন্ত করে দেখা হবে।’
কোলা ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সাবেক বিদ্যোৎসাহী সদস্য ও কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক অভিযোগ করে বলেন, ‘কোলা আদর্শ ডিগ্রি কলেজ পরিচালনা কমিটি গঠিত হয় ২০১৩ সালে। ওই কমিটির সভাপতি ছিলেন আফছার আলী মাস্টার।
৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে স্বতন্ত্র প্রার্থী ছলিমউদ্দিন তরফদার নির্বাচিত হন। এরপর সাংসদ কলেজে পরিচালনা কমিটির সভাপতি আফছার আলী ও আমাকে কমিটি থেকে বাদ দিয়ে দুজনকে ওই কমিটিতে অন্তর্ভুক্ত করেন। এরপর পরিচালনা কমিটির সভায় সাংসদের অনুসারী এসকেন্দার মির্জাকে সভাপতি মনোনীত করা হয়। চলতি বছরের ২২ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয় ওই কমিটি অনুমোদন দিয়েছে।’
জানতে চাইলে এসকেন্দার মির্জা স্নাতক পাস দাবি করে বলেন, ‘সময় কম থাকায় আমি উপজেলা পরিষদ নির্বাচনের হলফনামায় সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক উল্লেখ করেছিলাম। আমি স্নাতক পাসের সনদ বদলগাছীর ইউএনওকে দেখাব।’
কত সালে ও কোন কলেজ থেকে স্নাতক পাস করেছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি উপজেলা আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক। যাঁরা আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তাঁরা কলেজ পরিচালনা কমিটিতে ছিলেন।’ কলেজ পরিচালনা কমিটিতে থাকা অবস্থায় তাঁরা নিয়োগবাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম করে কলেজের লাখ লাখ টাকা লুটপাট করেছেন বলে তিনি অভিযোগ করেন।
এ ব্যাপারে ফোন করলে কোলা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দীন প্রথম আলোকে বলেন, ‘আমি বাজারে আছি। আপনি পরে ফোন করেন।’ এরপর তিনি সংযোগ কেটে দেন। পরে কয়েক বার চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।