দুই মাসেও আসামি গ্রেপ্তার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মাস পার হলেও পটুয়াখালীর বাউফল উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মা ও তাঁর কলেজপড়ুয়া মেয়েকে ধর্ষণের মামলার আসামিরা গ্রেপ্তার হয়নি। তবে ওই ঘটনায় জড়িত ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র তৈরি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নির্যাতিত মা-মেয়ের এক স্বজন বলেন, ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিরা ক্ষমতাসীন দলের নেতা-কর্মী। তাঁরা উপজেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার কাছের লোক। এ কারণে পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে না। ইতিমধ্যে আসামিদের সঙ্গে রফা করা হয়েছে। প্রকৃত ঘটনা আড়াল করে আসামিদের বিরুদ্ধে নামমাত্র অভিযোগপত্র দেওয়া হচ্ছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ১১ জুন ওই মা-মেয়ে প্রথমে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে বাউফলের শৌলা এলাকায় বেড়াতে যান। একপর্যায়ে পূর্বপরিচিত হারুন মৃধা (৪০) নামের যুবলীগের এক কর্মী বিকেলে ট্রলারে করে তাঁদের তেঁতুলিয়া নদীতে বেড়াতে নিয়ে যান। সন্ধ্যার দিকে একটি চরের কাছে নিয়ে তাঁদের হারুন, নাজিরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম মীর (৩৪), সহসভাপতি নূর আলম মল্লিক (৩৫), ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি সোহেল মৃধাসহ (৩২) আরও কয়েক যুবক ধর্ষণ করেন। একপর্যায়ে চিৎকার শুনে ডাকাত ভেবে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে নূর আলম মল্লিককে ধরে ফেলেন। বাকিরা পালিয়ে যান। পরে নূর আলম আদালতে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের নামও বলেন। এ ঘটনায় ১২ জুন পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনের নামে বাউফল থানায় মামলা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাউফল থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান রফার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযোগপত্রে প্রকৃত ঘটনা আড়াল করা হয়নি। ঘটনার সঙ্গে জড়িত ছয়জনের বিরুদ্ধে আগামী দু-এক দিনের মধ্যে অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে। তাঁরা হলেন মো. হারুন, আবদুর রহিম মীর, সোহেল মৃধা, নূর আলম মল্লিক, আনোয়ার হোসেন ও রাসেল কবিরাজ।