দুই মাসেও প্রকাশক ফয়সলের হত্যাকারীরা ধরা পড়েনি

দুই মাস পেরিয়ে গেলেও প্রকাশক ফয়সল আরেফিন ওরফে দীপনের হত্যাকারীদের টিকিটিও খুঁজে পাননি তদন্তকারীরা। পুলিশ এ ঘটনায় জঙ্গিদের সন্দেহ করলেও কোনো হদিস পায়নি। এমনকি গত ফেব্রুয়ারিতে নিহত লেখক অভিজিৎ রায়ের হত্যাকারীরাও ধরা পড়েনি।
এদিকে আজ বৃহস্পতিবার ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যার বিচারের রায় দেওয়ার কথা রয়েছে। ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে ব্লগার রাজীবকে মিরপুরের বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয়।
গত ৩১ অক্টোবর রাজধানীতে দুটি পৃথক ঘটনায় প্রায় একই সময়ে চারজনের ওপর হামলা হয়। একদিকে শাহবাগে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে কুপিয়ে হত্যা করা হয় ওই প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিনকে। আরেকদিকে লালমাটিয়ায় প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে এর স্বত্বাধিকারী আহমেদুর রশিদ ওরফে টুটুলসহ তিনজনকে কুপিয়ে জখম করা হয়। এ দুটি ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে। দুটি মামলাই তদন্ত করছে ডিবি। তবে কোনো মামলাতেই তেমন অগ্রগতি নেই।
ডিবির উপকমিশনার (দক্ষিণ) মাশরুকুর রহমান খালেদ বলেন, দীপন হত্যা মামলায় তেমন অগ্রগতি নেই। এ জন্য জঙ্গিদেরই সন্দেহ করা হচ্ছে। তবে কাউকেই সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি।
প্রকাশক ফয়সল আরেফিনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলে মারা গেছে। প্রথমে আমি কিন্তু বিচার চাইনি। এখন চাইছি দেশের স্বার্থে। আমাদের দীপনকে তো আমরা আর ফেরত পাব না কোনোভাবেই। দীপনের মৃত্যু আমার ও আমার পরিবারের জন্য অত্যন্ত শোক ও ক্ষতির ঘটনা। তার সন্তান ও সংসার ছিল। এখন আর আমাদের পাওয়ার কিছু নেই। কিন্তু এই অপরাধের বিচার না হলে এ ধরনের অপরাধের সংখ্যা বেড়ে যাবে। এখন দেশের স্বার্থেই এর বিচার হওয়া উচিত।’ তিনি বলেন, গত মঙ্গলবার ডিবির একজন কর্মকর্তার সঙ্গে তাঁর কথা হয়েছে। ওই কর্মকর্তা তাঁকে বলেছেন, ডিবি তদন্ত চালিয়ে যাচ্ছে। যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কোনো সূত্র বের করতে পারেননি তাঁরা।
বাংলাদেশে লেখক ও ব্লগার হত্যায় জড়িত ব্যক্তিরা গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকদের স্বাধীনতা রক্ষায় কাজ করে যাওয়া প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারের (আরএসএফ) বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার কারণে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হচ্ছে, যা নাগরিক-সাংবাদিকদের জন্য খুবই বিপজ্জনক। ওই সব জঘন্য অপরাধের সঙ্গে জড়িত ও ষড়যন্ত্রকারীদের এখনো গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়নি। গত মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।