দুই মাসেও ফেরত দেয়নি অতিরিক্ত টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের নির্দেশনার দুই মাস পরও ময়মনসিংহের শম্ভুগঞ্জ ইউসি উচ্চবিদ্যালয় শিক্ষার্থীদের এসএসসির ফরম পূরণে আদায় করা অতিরিক্ত টাকা ফেরত দেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি অবৈধ ঘোষণার পরও নতুন কমিটি নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে।
বিদ্যালয়ের অভিভাবক রহিম মিয়া গত ১২ ফেব্রুয়ারি অবৈধ কমিটি বাতিলের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেন।
অভিভাবক, ব্যবস্থাপনা কমিটির একাধিক সদস্য ও স্থানীয় ব্যক্তিদের সূত্রে জানা যায়, সদর উপজেলার শম্ভুগঞ্জ বাজারে অবস্থিত ইউসি উচ্চবিদ্যালয়ে ২০১৫ সালের মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের জন্য ১৮৯ জন শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতির সিদ্ধান্তে ওই টাকা নেওয়া হয়। অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে জমির উদ্দিন নামের এক অভিভাবক ২১ জানুয়ারি উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে একটি লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে তৎকালীন উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সভাপতি ও অভিযোগকারীকে নিয়ে একটি সভা করার কথা বলেন। কিন্তু অজ্ঞাত কারণে পরে ওই সভাটি আর হয়নি।
বিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার বিষয়ে হাইকোর্টের নির্দেশনার পর রাজধানীর একটি বিদ্যালয়ের কর্তৃপক্ষ এ আদেশের ওপর পাল্টা রিট আবেদন করে। এ কারণ দেখিয়ে ইউসি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি টাকা ফেরত দেওয়ার বিষয়টি নিয়ে কালক্ষেপণ করেন। ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট রাজধানীর ওই বিদ্যালয়ের করা রিটটি খারিজ করে দেন। এরপর হাইকোর্টের আগের নির্দেশনা অনুযায়ী বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত টাকা ফেরত দেবে, অন্যথায় ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি অবৈধ হয়ে যাবে বলা হয়। সেই সঙ্গে কমিটির সদস্যরা তিন বছর বিদ্যালয়ের কমিটির সদস্য হওয়ার জন্য নির্বাচনের অযোগ্য বিবেচিত হবেন বলে ওই রায়ে বলা হয়।
ব্যবস্থাপনা কমিটির সদস্য জুয়েল আকন্দ অভিযোগ বলেন, ‘হাইকোর্টের আদেশ অবমাননা করে প্রধান শিক্ষক ও সভাপতি সম্প্রতি আমাদের না জানিয়ে ১৩ জন শিক্ষক ও কর্মচারী নিয়োগ করার একটি বিজ্ঞপ্তি সংবাদপত্রে প্রকাশ করেন।’
কমিটির সভাপতি মুক্তার হোসেন জানান, অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড তাঁদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। তাঁরা সেটির জবাব দিয়েছেন। তবে কমিটি অবৈধ—এ রকম কোনো লিখিত আদেশ তাঁরা এখনো পাননি বলে দাবি করেন।
টাকা ফেরত না দেওয়ার বিষয়ে প্রধান শিক্ষক রবীন্দ্র চন্দ্র সরকার জানান, তাঁরা অতিরিক্ত টাকা আদায় করেননি। এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রশাসককে লিখিতভাবে জানানো হয়েছে। তিনি বলেন, ‘সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে কমিটিকে অবৈধ বলা হলেও আমাদের সরাসরি অবৈধ বলা হয়নি। তা ছাড়া শিক্ষা বোর্ডের মৌখিক অনুমতি নিয়েই আমরা বিজ্ঞাপনটি প্রকাশ করেছি।’