দুই মাসের অভিশপ্ত জীবন

কাগজে-কলমে মেয়েটির বয়স দেখানো হয়েছে আঠারো। তবে তিনি এসএসসি পাস করেছেন গত বছর। দুই মাস আগে বিদেশ ফেরত এক ছেলের সঙ্গে তাঁর বিয়ে দেওয়া হয়। এই বিয়ে হয়ে যায় তাঁর জীবনের অভিশাপ।

আজ মঙ্গলবার মেয়েটি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারকের কাছে সেই অভিশপ্ত জীবনের বর্ণনা দেন। আদালতকে তিনি বলেন, বিয়ের প্রথম রাতে স্বামী তাঁকে মারধর করেন। সর্বশেষ মে মাসের তাঁকে এমনভাবে মারা হয়, যে কথা বন্ধ হয়ে যায়। স্বজনেরা তাঁকে উদ্ধার করে ভর্তি করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)। সেখানেই এক সপ্তাহ ভর্তি ছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখন আর স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন।
এসব কথা শোনার পর আদালত তাঁকে মা-বাবার জিম্মায় দিয়েছেন। আদালত চত্বরে প্রথম আলোর এই প্রতিবেদকের কাছে নির্যাতনের বর্ণনা দেওয়ার সময় কাঁদছিলেন মেয়েটি। নির্যাতনের শুরুর গল্প বলতে গিয়ে এইচএসসি পড়ুয়া মেয়েটি বললেন, বিয়ের পর তাঁর বাবা দশ হাজার টাকা তাঁর স্বামীকে বাজার-সদাই করার জন্য দিয়েছিলেন। এতে ক্ষিপ্ত হন তাঁর স্বামী। ত্রিশ হাজার টাকা কেন দিল না-এমন কথা বলে তাঁর বাবা-মাকে গালিগালাজ করে। এরপর থেকে প্রায় প্রতিদিন নির্যাতন করতেন। প্রথম কয়েক দিন নির্যাতনের ঘটনা তাঁর বাবা-মাকে বলেননি। কারণ স্বামী হুমকি দিয়েছিলেন, নির্যাতনের ঘটনা কাউকে বললে খুন করা হবে। পরে আর সহ্য না করতে পেরে তাঁর মাকে বলেন।
মেয়েটি বলেন, আর কোনো মেয়ে যেন তাঁর মতো নির্যাতিত না হয়। বাসর রাতেও তাকে নির্যাতন করা হয়েছে। আচমকা লাথি দিয়ে শুরু হতো নির্যাতন। তিনি বলেন, রাজধানীর একটি কলেজের বাণিজ্যিক বিভাগের প্রথম বর্ষে পড়ছেন তিনি। এসএসসিতে জিপিএ ৪ দশমিক ৭৭ পেয়েছেন। এইচএসসি ভালো ফলাফল করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চেয়েছিলেন। কিন্তু বাবা-মা তাঁর অমতে বিয়ে দিয়ে দেন।
এই নির্যাতনের বিচার চেয়ে মেয়েটি আবারও লেখাপড়া চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মেয়েটির মায়ের সঙ্গে কথা বলে জানা যায়, মেয়েটির স্বামীর বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায়। তিনি বিদেশে থাকতেন। দুই মাস আগে বিদেশ থেকে ফিরে আসার পর গত ২৯ মার্চ বিয়ে দেওয়া হয়। বিয়ের এক মাস যেতে না যেতেই, ছেলের পরিবার তিন লাখ টাকা যৌতুক দাবি করে। টাকা দিতে না পারার কারণে পৈশাচিক কায়দায় এই নির্যাতন। মা আরও বলেন, তাঁর মেয়েকে আর স্বামীর সংসারে পাঠাবেন না। তাঁকে আবার লেখাপড়া করাবেন।
গত ২২ মে ডেমরা থানায় মেয়েটির মা বাদী হয়ে তাঁর জামাতা সুমনের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় এখন পর্যন্ত সুমন গ্রেপ্তার হননি। এই মামলায় মেয়েটিকে আইনগত সহায়তা দিচ্ছে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি।
জানতে চাইলে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কাওসার আহমেদ প্রথম আলোকে বলেন, সুমনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
মামলার তদন্ত কর্মকর্তা ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) সুমন বণিক প্রথম আলোকে বলেন, ‘তদন্ত করে দেখেছি, মেয়েটি সত্যিই নির্যাতনের শিকার। সুমন নামের আসামি মেয়েটিকে পৈশাচিক কায়দায় নির্যাতন করেছে। তাঁকে গ্রেপ্তার করা হবে।’