দুই মিনিটেই সাইকেল চুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি সাইকেল চুরি করতে পারলে কেউ পায় ৩০০ টাকা; কাউকে দেওয়া হয় ৪০০ টাকা। রাস্তার পাশে বা বাড়ির সামনে পার্ক করে রাখা সাইকেল বিশেষ ধরনের ব্লেড দিয়ে তালা কেটে চুরি করা হয়। এ জন্য সময় লাগে মাত্র দুই মিনিট। সাইকেল চুরি করতে চট্টগ্রাম নগরে একটি চক্র অনেক দিন ধরেই শিশুদের ব্যবহার করছে বলে জানিয়েছে পুলিশ।
সাইকেল চুরির ঘটনায় গত শনিবার রাতে নগরের সদরঘাট এলাকা থেকে চোর চক্রের সদস্য দুই যুবককে গ্রেপ্তার ও চার শিশুকে আটক করেছে পুলিশ। আটক শিশুদের সংশোধনের জন্য ব্যবস্থা নিতে সমাজসেবা অধিদপ্তরের কাছে পাঠানো হয়েছে। চোর চক্রের সদস্য দুই যুবকের নাম সুজন আচার্য্য ও সাইফুল ইসলাম।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াছ প্রথম আলোকে জানান, শনিবার দিদার মার্কেট এলাকায় একটি সাইকেল চুরি করতে গেলে আট বছরের এক শিশুকে হাতেনাতে ধরেন স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওই শিশুর দেওয়া তথ্যের ভিত্তিতে দামপাড়া এলাকা থেকে চোর চক্রের সঙ্গে জড়িয়ে পড়া আরও তিন শিশুকে ধরা হয়। তারা পুলিশকে জানায়, দামপাড়া এলাকার রিকশাচালক সুমন ও রনির কথামতো তারা সাইকেল চুরি করে। এসব সাইকেল পরে সদরঘাট এলাকার সুজন ও সাইফুলের কাছে বিক্রি করা হয়।
পুলিশ জানায়, ৮ থেকে ১৪ বছর বয়সী শিশুদের ব্যবহার করে গত ছয় মাসে ১০০টির বেশি সাইকেল চুরি করা হয়েছে। শনিবার রাতে আটকের পর সুজনের পাথরঘাটার বাসা থেকে চুরি করা ছয়টি সাইকেল জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তার সুজন ও সাইফুলকে আদালতের মাধ্যমে গতকাল রোববার কারাগারে পাঠানো হয়েছে।