দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ফাঁকা গুলি
যশোরের চৌগাছা পৌরসভা এলাকায় আজ রোববার রাতে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাতটি ফাঁকা গুলি ছোড়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চৌগাছা পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী নূরুদ্দিন আল মামুন তাঁর সমর্থকদের নিয়ে গণসংযোগ করছিলেন। সেখান থেকে মাত্র ৩০ গজ দূরে বিদ্রোহী প্রার্থী এসএম সাইফুর রহমানের নির্বাচনী কার্যালয়। কার্যালয়ে তখন সাইফুরের বেশ কয়েকজন সমর্থক ছিলেন। একপর্যায়ে দুই প্রার্থীর সমর্থকেরা একে অপরকে লক্ষ্য করে বিভিন্ন মন্তব্য করতে থাকেন। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু এতে কোনো কাজ না হওয়ায় পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি শান্ত হয়। পরে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন প্রথম আলোকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনকে ফাঁকা গুলি ছুড়তে হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।