দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা মায়ের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর বয়সী দুই যমজ মেয়েকে হত্যা হত্যার পর মা শারমিন বেগম (৩০) নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া গ্রামে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম মরিয়ম ও আয়শা। শারমিন বেগম দক্ষিণ ভূতেরদিয়া গ্রামের দিনমজুর সেলিম খানের স্ত্রী।
নদী থেকে শারমিনকে উদ্ধার করেন ট্রলারচালক মো. মোসলেম আলী। তিনি জানান, দুপুরে তিনি সন্ধ্যা নদীর ভূতেরদিয়া এলাকায় খেয়াঘাটে ছিলেন। এ সময় দেখতে পান এক নারী দৌড়ে নদীতে ঝাঁপ দেন। এরপর স্থানীয়দের সহযোগিতায় তিনি শারমিনকে উদ্ধার করেন। পরে তাঁরা নদীর পাশে একটি বাগানে শারমিনের দুই মেয়ের মৃতদেহ দেখতে পান। শারমিনের পরনের শাড়ি দিয়েই দুই মেয়ের গলায় ফাঁস দেওয়া ছিল।
সেলিম খানের প্রতিবেশী গৃহবধূ আঞ্জুমান আরা বেগম বলেন, শারমিন বেগম মানসিক ভারসাম্যহীন। শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সবার সঙ্গে প্রায়ই তাঁর ঝগড়া হতো।
শারমিন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অচেতন অবস্থায় চিকিৎসাধীন থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, শারমিন বেগম মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়রা জানিয়েছেন। সেই কারণেই হয়তো মেয়েদের হত্যা করে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে শারমিনের স্বামীর খোঁজ পাওয়া যায়নি। দুই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।