দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের পাশে থাকা গাছ কেটে ডালপালা ফেলা হচ্ছিল সড়কের ওপর। একপর্যায়ে ওই গাছের একটি বড় অংশের সঙ্গে চলন্ত মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হন।

আজ বৃহস্পতিবার দুপুরে যশোরের মনিরামপুর উপজেলার গাংড়া এলাকায় ঠাকুরিয়া-মনিরামপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন যশোর সদর উপজেলার মালঞ্চি গ্রামের আবদুল হামিদ (৫৫) ও মনিরামপুর উপজেলার নওলি গ্রামের কুমারেশ বিশ্বাস (৬০)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে করে আবদুল হামিদ ও কুমারেশ বিশ্বাস ঠাকুরিয়া এলাকা থেকে মনিরামপুর সদরে যাচ্ছিলেন। পথে গাংড়া মোড়ে পৌঁছালে হঠাৎ একটি কাটা গাছ রাস্তার ওপর আড়াআড়িভাবে পড়ে। ওই গাছে ধাক্কা লেগে মোটরসাইকেল ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় কয়েকজন জানান, সকালে স্থানীয় কয়েকজন রাস্তার পাশে ব্যক্তিমালিকানার গাছ কাটছিল। এ সময় একটি গাছ রাস্তার ওপর পড়ে। ওই গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ প্রথম আলোকে বলেন, রাস্তার পাশে যাঁরা গাছ কাটছিলেন, তাঁদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। নিহত ব্যক্তিদের পরিবার থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।