দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
রাজশাহীর বাগমারা উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক আরোহীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মেছের আলী শাহ (৫০)। ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে তিনি এই দুর্ঘটনার শিকার হন।
নিহত ব্যক্তি উপজেলার গণিপুর ইউনিয়নের আক্কেলপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল সোমবার বিকেলে মেছের আলী শাহ উপজেলার মহব্বতপুর স্কুল মাঠে স্থানীয়ভাবে আয়োজিত ফুটবল খেলা দেখতে আসেন। খেলা শেষে সন্ধ্যায় তিনি মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি সইপাড়া-ভবানীগঞ্জ সড়কের মহব্বতপুর কালভার্টের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।
বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় রাজশাহী নগরের রাজপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।