দুই মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা?
নীলফামারীর জলঢাকা উপজেলায় এক মা ও তাঁর দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশু দুটিকে শ্বাসরোধে হত্যার পর ওই মা রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। গতকাল রোববার সকালে উপজেলার কাঁঠালী ইউনিয়নের দক্ষিণ দেশিবাড়ি আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।
একই দিন সকালে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ছাড়া গত শনিবার দিবাগত রাতে ফরিদপুর শহরতলির নুরু মিয়া বিকল্প সড়কের নতুন বাজারের পাশ থেকে পুলিশ আফজাল হোসেন শাহিন ওরফে হাতকাটা শাহিনের (৪০) লাশ উদ্ধার করেছে। শাহিন জেলার শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম এবং কয়েকটি মামলায় তাঁর ৫৪ বছরের সাজা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নীলফামারী: নিহত মা-শিশুদের পরিবারের সদস্য ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ১২ বছর আগে জলঢাকার কাঁঠালী ইউনিয়নের দক্ষিণ দেশিবাড়ি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মৃত কেচুয়া মামুদের ছেলে দিনমজুর আশরাফ আলীর (৩০) সঙ্গে পশ্চিম কাঁঠালী গ্রামের হামিদুল ইসলামের মেয়ে ফেন্সি বেগমের (২৫) বিয়ে হয়। বিয়ের পর থেকেই ওই দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে ফেন্সি কয়েকবার তাঁর বাবার বাড়িতে চলে যান। গতকাল সকাল সাতটার দিকে আশরাফ আলী স্থানীয় চৌধুরীর বাজারে যান। সকাল নয়টার দিকে তিনি বাড়িতে এসে ঘরের দরজা ভেতর থেকে লাগানো দেখতে পান। অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে ঘরের বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে তিনি স্ত্রীকে রশির সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেন। পরে তাঁর চিৎকার শুনে এলাকাবাসী এসে দরজা জোরে ধাক্কা দিয়ে খুলে ফেলে ভেতরে ঢুকে ওই দম্পতির দুই মেয়ে আকলিমা আক্তার (৫) ও খাদিজা আকতারের (২) নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
আশরাফ আলী জানান, তাঁর মা তাঁদের সঙ্গে থাকেন। কিন্তু তাঁর স্ত্রী ফেন্সি তাঁর মাকে সহ্য করতে পারতেন না।
পারিবারিক দ্বন্দ্বের কারণে ফেন্সি তাঁর দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে এলাকাবাসী ধারণা করছেন। কাঁঠালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সোহরাব হোসেনও একই ধারণার কথা বলেন।
জলঢাকা থানার উপপরিদর্শক (এসআই) প্রবীর চন্দ্র সরকার বলেন, প্রাথমিক সুরতহালে শিশু খাদিজাকে বালিশ-চাপা দিয়ে শ্বাসরোধে এবং আকলিমাকে গলা টিপে হত্যা এবং ফেন্সি রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিরওয়ার হাসান ইনাম বলেন, মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ তিনটি নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। দুই শিশুকে হত্যার অভিযোগে স্বামী আশরাফ আলী একটি হত্যা মামলা করেছেন এবং মেয়ের অপমৃত্যুর জন্য ফেন্সির মা নূর বানু একটি অপমৃত্য মামলা দায়ের করেছেন।
কুষ্টিয়া: নিহত কলেজছাত্র সুজন মাহমুদ (১৮) কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সরকারি কলেজের একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্র ছিলেন। তিনি হরিপুর ইউনিয়নের বোয়ালদহ গ্রামের মাছবিক্রেতা বদর উদ্দীনের ছেলে। তাঁকে খুনের পর আত্মহত্যা করা তরুণের নাম পলাশ (২৮)। তিনি পাশের শালদহ গ্রামের মৃত নেন্টু শেখের ছেলে। পলাশ মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে পলাশ হরিপুর বাজারের পাশে একটি কাঠ চেরাই কারখানা (স মিল) থেকে ধারালো অস্ত্র নিয়ে এক সাইকেলচালককে তাড়া করেন। এ সময় সাইকেলটি ফেলে চালক পালিয়ে যান। একই সড়ক দিয়ে কোচিং থেকে বাড়ি ফিরছিলেন সুজনসহ তাঁর দুই বন্ধু শাহিনুর রহমান ও আবদুল মালেক। শাহিনুর ও আবদুল মালেক জানান, তাঁদের পেছনে ছিল সুজন। পাশ দিয়ে যাওয়ার সময় পলাশ হাতে থাকা অস্ত্র দিয়ে হঠাৎ সুজনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। সুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা পলাশকে ধরে ফেলেন। পলাশকে বাজারের পাশেই তাঁর মামাতো ভাই বাদশার বাড়িতে নেওয়া হয়। পলাশ ওই বাড়ির একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন।
এদিকে নিহত সুজনের সহপাঠী ও এলাকার তরুণেরা ওই বাড়িতে এসে এলোপাতাড়ি ইট-পাটকেল ছুড়তে থাকেন। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি বিপ্লব কুমার নাথসহ পুলিশসদস্যরা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা সেখানে যান। এ সময় বিক্ষুব্ধ ব্যক্তিরা পুলিশের ওপর হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের পাঁচটি ফাঁকা গুলি ছোড়ে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পলাশকে ঘর থেকে বের করে আনার উদ্যোগ নেওয়া হয়। কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশ একটি ওড়নার সঙ্গে ঝুলন্ত থাকা অবস্থায় পলাশের লাশটি উদ্ধার করে।
গতকাল ওসি বিপ্লব কুমার নাথ জানান, সুজনের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা নেওয়া হচ্ছে।
ফরিদপুর: জেলার অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান জানান, দুটি সন্ত্রাসী দলের মধ্যে গোলাগুলির খবর পেয়ে শনিবার রাত সাড়ে ১২টার দিকে পুলিশ শহরতলির নুরু মিয়া বিকল্প সড়কের পিয়ারপুর নতুন বাজার এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী দলের সবাই পালিয়ে যান। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা হাতকাটা শাহিনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন-ভর্তি দুটি গুলি ও তিনটি পিস্তলের গুলির খোসা উদ্ধার করে।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন কুষ্টিয়া অফিস, নীলফামারী প্রতিনিধি ও গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি}