দুই যুবক আটক, পরিবারের দাবি ধর্ষণের পর হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের গফুর মোড়লকান্দি গ্রামের রিমা আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রীকে হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে গত বুধবার রাতে দুই যুবককে আটক করেছে জাজিরা থানার পুলিশ। ওই কিশোরীর পরিবারের দাবি, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, মেয়েটির হত্যার সঙ্গে কারা জড়িত থাকতে পারে, তা তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য হালান মোড়ল ও ইউনুছ শিকদার নামের দুই যুবককে আটক করা হয়েছে। এখনো থানায় কোনো মামলা হয়নি।

গতকাল বৃহস্পতিবার শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে ওই কিশোরীকে দাফন করা হয়েছে। দুপুরে লাশ বাড়িতে আনা হলে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। লাশ দেখতে আত্মীয়স্বজন, প্রতিবেশী, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ছুটে আসে। ওই কিশোরীর মা লাভলী বেগম বারবার মূর্ছা যাচ্ছিলেন। স্বজনেরা তাঁকে সান্ত্বনা দিচ্ছিলেন। বিলাপ করতে করতে তিনি বলছিলেন, ‘আমার পরির মতো দেখতে মেয়েটার সঙ্গে পাশবিক আচরণ করা হয়েছে। পাষণ্ডরা অত্যাচার করে তাকে মেরে ফেলল। আল্লাহ পাষণ্ডদের বিচার করো।’

পুলিশ ও কিশোরীর পরিবার সূত্র জানায়, জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের আহম্মেদ চোকদারকান্দি গ্রামের ইলিয়াছ চোকদারের মেয়ে নাওডোবা হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। সোমবার রাতে প্রতিবেশী জব্বার হাওলাদারের ছেলের গায়েহলুদের অনুষ্ঠান ছিল। রাত আটটার দিকে কিশোরী ওই বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠানে যায়। এরপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। বুধবার সন্ধ্যায় তাদের বাড়ির আধা কিলোমিটার দূরে একটি কলাবাগানে তার লাশ দেখে থানায় খবর দেন গ্রামবাসী।

ওই কিশোরীর বাবা ইলিয়াছ চোকদার বলেন, ‘মেয়েটির স্কুলে পরীক্ষা চলছিল। একটিমাত্র পরীক্ষা সে দিতে পেরেছে। হত্যা করার আগে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। আমার তো কারও সঙ্গে কোনো শত্রুতা নেই, তাহলে আমার মেয়ের এমন সর্বনাশ কে করল। আমি গরিব অটোচালক, অনেক কষ্ট করে তিনটি সন্তান নিয়ে খেয়ে না-খেয়ে বেঁচে আছি।’