দুই যুবককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় কুপিয়ে ও গলা কেটে দুই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার তাঁদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রূপগঞ্জ থানার পুলিশ জানায়, আজ সকাল নয়টার দিকে উপজেলার তারাবো পৌরসভার গর্ন্ধবপুর এলাকা থেকে সুমন মিয়া (২৯) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি গর্ন্ধবপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশের রাস্তায় পড়ে ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি রক্তমাখা ছুরিও উদ্ধার করেছে।
সুমন মিয়ার পরিবারের সদস্যদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুবুল আলম প্রথম আলোকে বলেন, সুমন পরিবারের সঙ্গে গর্ন্ধবপুর এলাকায় থাকতেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হন তিনি। কিন্তু রাতে আর ফেরেননি। কে বা কারা কী কারণে সুমনকে হত্যা করেছে তা জানা যায়নি। ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
চেষ্টা করেও নিহতের পরিবারের সদস্যদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে আজ বেলা ১১টার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা এলাকার রাস্তার পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩০) রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
শাহরাস্তি থানার পুলিশ জানায়, লাশটি উপজেলার রাগৈ এলাকার ডাকরাশিপুর রাস্তার পাশে পড়ে ছিল। স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শাহরাস্তি থানার এসআই নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই যুবককে মাথা, মুখ ও গলায় কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।