দুই যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার, আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার কুরগাঁও এলাকায় দুই যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার পুলিশ তাঁদের বস্তাবন্দী লাশ উদ্ধার করে।
ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে তাঁদের হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে লাশ উদ্ধারের পরপরই জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন স্বপন (৩৪) ও রাসেল (৩৭)। স্বপন রাজধানীর মিরপুরের, রাসেল সাভারের বাসিন্দা। এঁদের বিরুদ্ধে রাজধানীর মিরপুরসহ বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ দাবি করেছে।
আশুলিয়া থানা-পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাত দেড়টার দিকে লোকজনের উপস্থিতি টের পেয়ে কুরগাঁও এলাকার আবদুর রাজ্জাকের মেয়ে নিলুফা বেগম ঘর থেকে বের হন। তিনি বাড়ির উঠানে একটি রক্তমাখা বস্তা পড়ে থাকতে দেখে বিষয়টি প্রতিবেশীদের জানান। তাঁরা বস্তার ভেতরে লাশ দেখে আশুলিয়া থানায় খবর দেন। গতকাল সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এর ঘণ্টা খানেক পর প্রতিবেশী আবদুর রশীদের বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে আরও একটি বস্তাবন্দী লাশ উদ্ধার হয়।
খবর পেয়ে স্বপনের স্ত্রী মুক্তি বেগম ও রাসেলের বড় ভাই আনোয়ার হোসেন থানায় গিয়ে লাশ শনাক্ত করেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, স্বপন ও রাসেলকে হত্যা করা হয় কুরগাঁওয়ের রহম আলীর বাড়ির ভাড়াটিয়া মাসুদের কক্ষে। ওই কক্ষে হত্যার আলামতও পাওয়া গেছে। ঘটনার পর মাসুদ এলাকা ছেড়ে চলে গেছে। তিনি আরও বলেন, মাসুদ গত সোমবার স্বপন ও রাসেলকে খবর দিয়ে কুরগাঁও আনে। সম্ভবত ওই দিন রাতেই তাঁদের হত্যার পর লাশ ঘরে ফেলে রাখা হয়। মঙ্গলবার রাতে একটি লাশ সেপটিক ট্যাংকে ফেলার পর দ্বিতীয় লাশটি ফেলার সময় সম্ভবত লোকজন টের পেয়ে যায়।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, আনোয়ার ও মুক্তি তাঁদের জানিয়েছে, স্বপন ও রাসেলের বিরুদ্ধে মিরপুরসহ বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল গতকাল বিকেলে জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।