দুই যুবকের সঙ্গে আরও কয়েকজন জড়িত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ীতে মাজারের খাদেম খুনের ঘটনায় ধরা পড়া দুই যুবক ছাড়া আরও কয়েকজন জড়িত থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। স্থানীয় লোকজনের হাতে ধরা পড়ার পর দুই যুবকের একজন মোছলেহ উদ্দিন ওরফে সুজন প্রথমে বলেছিলেন, তাঁরা তিনজন জড়িত। একপর্যায়ে বলেন, তাঁদের সঙ্গে আরও লোক রয়েছে। তবে খুনে অংশ নেন দুজন।

গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের হাটগাঁও গ্রামে আফজাল শাহ মাজারের খাদেম সোনা মিয়াকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে প্রথমে মো. ইলিয়াছ এবং পরে সুজনকে আটক করে।

খুনের সাড়ে চার ঘণ্টা পর ‘সুমন কিবরিয়া’ নামের একটি ফেসবুক আইডি থেকে যে পোস্ট দেওয়া হয়, তাতেও এই খুনে তিনজন অংশ নেওয়ার কথা উল্লেখ করা হয়।

 এদিকে রিমান্ডে থাকা ইলিয়াছ ও সুজন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে গতকাল রোববার প্রথম আলোকে জানান মামলার তদন্ত কর্মকর্তা সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দিতে রাজি হননি তিনি।

খুনের পেছনে ব্যক্তিগত আক্রোশের বাইরে অন্য কারণ থাকার বিষয়ে অনেকটা নিশ্চিত হওয়া গেছে বলে জানান নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, দুই যুবক বেশ ধূর্ত প্রকৃতির। তথ্য উদ্ধারে নানা কৌশলের আশ্রয় নিতে হচ্ছে। খাদেমকে খুন করার কথা তাঁরা অকপটে স্বীকার করেছেন। তিনি বলেন, দুই যুবককে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সাত সদস্যের একটি দল জিজ্ঞাসাবাদ করছে।

খাদেম খুন হওয়ার প্রায় তিন ঘণ্টা পর সুজনকে ঘটনাস্থলের প্রায় আধা কিলোমিটার দূরে হাটগাঁও গ্রামের মাইদের (মাঝের) বাড়ির পুকুর থেকে আটক করে লোকজন। গতকাল ওই বাড়ির এক বাসিন্দা নাম না প্রকাশ করার শর্তে প্রথম আলোকে বলেন, সময় তখন রাত প্রায় সাড়ে ১০টা। বাড়ির পুকুরে এক লোককে আধা ডোবা অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখেন। তিনি ইটের টুকরা নিক্ষেপ করে লোকটিকে ওপরে উঠে আসতে বলেন। একপর্যায়ে ওই ব্যক্তি ওপরে উঠে আসেন। তখন তিনিসহ বাড়ির লোকজন তাঁর দুই হাত বেঁধে ফেলেন।

ওই বাসিন্দা বলেন, খবর পেয়ে আশপাশের অনেক লোক তাঁদের বাড়িতে জড়ো হন তাঁরা ওই ব্যক্তির নাম এবং বাড়ি কোথায় জিজ্ঞেস করে। নাম সুজন বললেও বাড়ি একবার সেনবাগের ছাতারপাইয়া, আরেকবার সোনাইমুড়ীর নদনা বলেন। এতে তাঁদের সন্দেহ হয়, পাশের মাজারের খাদেম খুনের ঘটনায় ওই ব্যক্তি জড়িত। এ সময় উত্তেজিত লোকজন তাঁকে মারধর করেনএবং তাঁর সঙ্গে আর কে কে রয়েছে তা জানতে চান। তখন তিনি একবার বলেন, তাঁরা দুজন, আবার বলেন তিনজন, একপর্যায়ে বলেন তাঁর সঙ্গে অনেক লোক রয়েছেন, তবে তাঁরা দুজন খাদেমকে খুন করেছেন। পরে এলাকার দফাদার পুলিশের কাছে সোপর্দ করেন ওই ব্যক্তিকে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, সুজন ধরা পড়ার পর যদি তাঁর সঙ্গে আরও লোকজন জড়িত থাকার কথা স্বীকার করে থাকেন, তাহলে তা খতিয়ে দেখা হবে।