দুই রেলস্টেশনের কার্যক্রম বন্ধ, দুর্ভোগে ব্যবসায়ী ও যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকবল না থাকায় ময়মনসিংহের দুটি রেলস্টেশনের কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এতে তারাকান্দা ও গৌরীপুর উপজেলার কয়েকটি এলাকার যাত্রী ও ব্যবসায়ীরা দুর্ভোগে পড়েছেন।

রেলওয়ের ময়মনসিংহ অঞ্চল সূত্রে জানা গেছে, তারাকান্দা উপজেলার বিসকা রেলওয়ে স্টেশন দুই বছর ও গৌরীপুর উপজেলার বোকাইনগর রেলস্টেশনটি এক যুগ ধরে বন্ধ। রেলওয়ের ভাষ্য, বিসকা স্টেশনের লোকবল নিয়োগের বিষয়টি বিবেচনা থাকলেও বোকাইনগর স্টেশন নিয়ে এখনো তাঁদের তেমন কোনো পরিকল্পনা নেই।

সরেজমিন ও রেলওয়ে সূত্রে জানা যায়, বিসকা স্টেশনটি ‘বি’ শ্রেণিভুক্ত। ২০১৩ সালের নভেম্বর মাসে স্টেশনমাস্টার বিদায় নেওয়ার পর স্টেশনের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। পাশের শম্ভুগঞ্জ রেলস্টেশন থেকে নিয়ন্ত্রণ করা হয় বিসকা স্টেশনের কার্যক্রম। বিসকা স্টেশন হয়ে ময়মনসিংহ থেকে চট্টগ্রাম, ভৈরব, জারিয়া, মোহনগঞ্জগামী আন্তনগর, বেসরকারি ও লোকাল মিলিয়ে মোট ১৪টি ট্রেন চলাচল করে। এগুলোর মধ্যে যাত্রাবিরতি করে মাত্র ৮টি লোকাল ট্রেন।

স্থানীয় ব্যক্তিরা জানায়, বিসকা এলাকায় প্রচুর পরিমাণ সবজি উৎপাদন হয়। ওই সব সবজি ট্রেনে করে দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। স্টেশনের কার্যক্রম বন্ধ থাকায় শম্ভুগঞ্জ স্টেশনে গিয়ে সবজি পাঠাতে হয়। আবার এখানে মাত্র ২ মিনিট যাত্রাবিরতিতে মালামাল ঠিকমতো ওঠানো যায় না। এ ছাড়া এই স্টেশন দিয়ে বিনা টিকিটে ভ্রমণ করে প্রতিদিন হাজার খানেক যাত্রী হয়রানির শিকার হচ্ছেন।

শম্ভুগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার প্রমোদ সাহা বলেন, রেল কর্তৃপক্ষের নির্দেশে শম্ভুগঞ্জ থেকে শুধু মালামাল পরিবহনের বুকিং দেওয়া হয়। ‘বি’ শ্রেণিভুক্ত স্টেশন হওয়ায় দুই মিনিটের বেশি সময় যাত্রাবিরতির নিয়ম নেই।

বিসকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সালাম বলেন, ‘স্টেশনের কার্যক্রম চালুর দাবিতে আমরা সংশ্লিষ্ট বিভাগে স্মারকলিপি দিয়েছি। পাশাপাশি আমরা এখানে চট্টগ্রামগামী আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করার দাবিও জানিয়েছি।’

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, গৌরীপুর উপজেলার বোকাইনগর স্টেশনটি ‘ডি’ শ্রেণিভুক্ত। লোকবল না থাকায় এক যুগের বেশি সময় ধরে স্টেশনটির কার্যক্রম বন্ধ রয়েছে। কার্যক্রম বন্ধ থাকলেও এখানে প্রতিদিন ৬টি ট্রেন এক মিনিটেরও কম সময়ের জন্য যাত্রাবিরতি করে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এ বিষয়ে কথা বলার জন্য রেলওয়ের ময়মনসিংহ অঞ্চলের পরিবহন পরিদর্শক সাজ্জাদ হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করে ও খুদে বার্তা পাঠিয়েও তাঁর সাড়া পাওয়া যায়নি। তবে রেলওয়ের একটি সূত্র জানায়, বিসকা স্টেশনের কার্যক্রম শুরু করার ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের চিন্তাভাবনা আছে। তবে বোকাইনগর স্টেশনটি চালু হওয়ার সম্ভাবনা আপাতত নেই।