রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের কাছে গতকাল রোববার রাতে দুটি লঞ্চের সংঘর্ষে আবদুল হামিদ (৩৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী।
দৌলতদিয়া লঞ্চঘাট এলাকার কয়েকজন ব্যক্তি জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাটুরিয়া ঘাট থেকে যাত্রী বোঝাই করে এমভি রুনা নামের একটি লঞ্চ দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসে। বিপরীত দিকে দৌলতদিয়া ঘাট থেকে যাত্রী নামিয়ে এমভি পর্বত নামের আরেকটি লঞ্চ যাত্রী ছাড়াই পাটুরিয়ার উদ্দেশে রওনা হয়। রাত পৌনে আটটার দিকে এমভি রুনা দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটের কাছে আসামাত্র বিপরীত দিক থেকে আসা এমভি পর্বতের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এমভি রুনার বেশ কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। ঘটনাস্থলেই আবদুল হামিদ নামের ওই যাত্রীর মৃত্যু হয়। আহত হন অন্তত ১৫ জন।
দৌলতদিয়া লঞ্চ মালিক সমিতির তত্ত্বাবধায়ক নুরুল আনোয়ার বলেন, এমভি রুনা ফেরিঘাটের কাছাকাছি পৌঁছামাত্র এমভি পর্বত ওই লঞ্চটির ডান দিক দিয়ে ঢুকে মাঝামাঝি রেলিং পর্যন্ত ধাক্কা দেয়। এতে রেলিংয়ে দাঁড়িয়ে থাকা কুষ্টিয়া শহরের গড়াই গ্রামের আবদুল নামের ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। রেলিং ও ডেকের ওপর থাকা বেশ কয়েকজন যাত্রী নদীতে পড়ে ও লঞ্চের আঘাতে আহত হন। পরে জরুরিভাবে রুনার চালক ফেরিঘাটেই লঞ্চটি নামিয়ে দিলে অনেক যাত্রী নেমে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের বন্দর কর্মকর্তা কবির হোসেন প্রথম আলোকে বলেন, বিষয়টি শোনার পর তিনিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পরে খোঁজখবর নিয়ে প্রকৃত দোষী লঞ্চচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।