বগুড়ার ধুনটে একটি বিদ্যালয়ের মাঠে লাগানো দুই শতাধিক ইউক্যালিপটাস গাছের চারা স্থানীয় দুর্বৃত্তরা পূর্বশত্রুতার জের ধরে ভেঙে ফেলেছে। বিদ্যালয়ের মাঠ ব্যবহার করতে না পেরে সুবিধাবঞ্চিত দুর্বৃত্তরা এ ধরনের কাজ করেছে বলে অভিযোগ উঠেছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিলকাজুলি-পেচিবাড়ি উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত ১৫ জুলাই বিদ্যালয়ের মাঠে ২১০টি ইউক্যালিপটাস ও ১৫টি মেহগনি গাছের চারা লাগানো হয়। গত বৃহস্পতিবার রাতে স্থানীয় দুর্বৃত্তরা চারাগাছগুলো ভেঙে ফেলে।
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) পি এন সরকার বলেন, এই ঘটনায় প্রধান শিক্ষক শাহ আলম থানায় জিডি করেছেন।
প্রধান শিক্ষক শাহ আলম বলেন, ‘একসময় স্থানীয় লোকজন বিদ্যালয়ের মাঠ দখল করে ধান-পাটসহ বিভিন্ন ফসল রোদে শুকাত এবং খড়ের পালা দিয়ে রাখত। এ ছাড়া সপ্তাহে দুই দিন করে মাঠে হাটবাজার বসত। এতে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হতো। নিষেধ করলেও কেউ মানত না। এ কারণে মাঠের দুই পাশে প্রাচীর করে বহিরাগত লোকজনের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। আমার ধারণা, এসব সুবিধাবঞ্চিতরাই গাছগুলো ভেঙে দিয়েছে।’
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইব্রাহিম খলিলউল্লাহ বলেন, মাঠে প্রাচীর করে লোকজনের ভেতরে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণে এলাকার অনেকের অসুবিধা হয়েছে। তাই দুর্বৃত্তরা গাছগুলো ভেঙে মাঠ দখলের চেষ্টা করছে।