দুই শিক্ষক উত্ত্যক্তের শিকার অভিযোগ শিক্ষার্থীদের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল বৃহস্পতিবার দুই নারী শিক্ষককে কয়েকজন শিক্ষার্থী উত্ত্যক্ত করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার শিকার ওই দুই শিক্ষক গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রক্টর বরাবর দোষী শিক্ষার্থীদের শাস্তির দাবি জানিয়েছেন।

ওই দুই শিক্ষক ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রিকশাযোগে ওই দুই শিক্ষক গতকাল বিকেল সোয়া চারটার দিকে ক্যাম্পাসের রাস্তা দিয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের দিকে যাচ্ছিলেন। তাঁরা হলের দিকে যাওয়ার পথে ক্যাফেটেরিয়ার সামনে কয়েকজন শিক্ষার্থী রাস্তার মাঝ দিয়ে হাঁটছিলেন। ওই দুই শিক্ষক নিজেদের পরিচয় দিয়ে তাঁদের (শিক্ষার্থীদের) রাস্তা ছেড়ে দেওয়ার কথা বলেন। এ সময় ওই শিক্ষার্থীরা দুই শিক্ষককে উদ্দেশ করে অকথ্য ভাষায় কিছু মন্তব্য করেন। এ অবস্থায় তাঁরা হতভম্ব হয়ে পড়েন। তাঁরা কয়েকজন শিক্ষার্থীকে চিনতেও পারেন। পরে এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে প্রক্টরের মাধ্যমে উপাচার্য বরাবর তাঁরা একটি আবেদন করেন। সেই আবেদনে তিন শিক্ষার্থীর নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন পরিসংখ্যান বিভাগের আদনান ও জয়, রসায়ন বিভাগের শামীম।

ভুক্তভোগী এক শিক্ষক বলেন, ‘শিক্ষার্থীরা এ রকম আচরণ করলে আমরা কীভাবে ক্যাম্পাসে চলাফেরা করব। এ ঘটনায় আমরা উদ্বিগ্ন। এ ঘটনায় আমরা প্রক্টরের কাছে অভিযোগ দিয়েছি। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এ ব্যাপারে জানতে অনেক চেষ্টা করেও অভিযুক্ত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এ ব্যাপারে জানতে চাইলে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট তুহিন ওয়াদুদ বলেন, ‘এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। পরিচয় দেওয়ার পরও নারী শিক্ষকের সঙ্গেও যদি এমন আচরণ করা হয় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াব?’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহীনুর রহমান গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করছি। তবে বিষয়টি জানতে পেরেছি। ঘটনা তদন্ত করে দোষী শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’