দুই শিক্ষক ও ২৭ পরীক্ষার্থী বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে গতকাল শুক্রবার লক্ষ্মীপুরের তিনটি কেন্দ্র থেকে ২৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া কেন্দ্রগুলো থেকে দুই শিক্ষককেও বহিষ্কার করা হয়।

কেন্দ্র তিনটি হলো লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চবিদ্যালয়, লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন ও দত্তপাড়া রাম রতন উচ্চবিদ্যালয়। কেন্দ্রগুলো থেকে বিপুলসংখ্যক বই উদ্ধার করা হয়।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল সকালে ছিল ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা। বিকেলে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়,গতকাল বেলা১১টার দিকে জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজ্জাদুল হাসান লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় পরীক্ষার হলে বই রাখার অভিযোগে ১৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এ ছাড়া নকলে সহযোগিতার অভিযোগে কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কক্ষ পরিদর্শক দেবরত সরকারকে পরীক্ষার দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়।

সূত্র জানায়, এরপর জেলা প্রশাসক লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন কেন্দ্রে যান। নকল সরবরাহের অভিযোগে বালিকা বিদ্যানিকেতন কেন্দ্রের প্রধান সমন্বয়কারী আবুল হোসেনকে পরীক্ষার দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়। কেন্দ্র থেকে দুই পরীক্ষার্থীকেও বহিষ্কার করা হয়েছে। জেলা প্রশাসক বিকেলে দত্তপাড়া রাম রতন উচ্চবিদ্যালয় কেন্দ্রে যান। নকলের অভিযোগে ওই কেন্দ্রের ১০ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী দুই শিক্ষক ও ২৭ পরীক্ষার্থীকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।