দুই শিক্ষক ১০ মাস ধরে অনুপস্থিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুজন সহকারী শিক্ষক ১০ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এতে ওই দুটি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ বিষয়ে প্রধান শিক্ষকেরা তাঁদের বিরুদ্ধে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
ওই দুজন হলেন উপজেলার মাছুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপা রানী রায় ও নগদাপাড়া নবঘোষিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছরিন আজাদ।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, রিপা রানী রায় ২০১১ সালের ৭ সেপ্টেম্বর বিদ্যালয়ে যোগ দেন। তিনি গত বছরের ১ ফেব্রুয়ারি থেকে ছয় মাসের জন্য মাতৃত্বকালীন ছুটিতে চলে যান। ওই বছরের ১ আগস্ট তাঁর কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু ওই সময় থেকে তিনি অনুমতি ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। সহকারী শিক্ষক নাছরিন আজাদ ২০১২ সালের ১২ সেপ্টেম্বর ওই বিদ্যালয়ে যোগ দেন। অনুমতি না নিয়েই গত বছরের ৮ আগস্ট থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত।
সহকারী শিক্ষক রিপা রানী রায়ের সঙ্গে মুঠোফোনে দাবি করেন, ‘আমি দীর্ঘদিন ধরে অসুস্থ ও নানা সমস্যায় থাকায় কর্মস্থলে আসতে পারিনি । পাশাপাশি ছুটির আবেদনও করতে পারিনি।’
সহকারী শিক্ষক নাছরিন আজাদ দাবি করেন, ‘আমি দীর্ঘদিন ধরে অসুস্থ। অনুপস্থিত থাকার বিষয়ে মাস চারেক আগে ডাক্তারি সনদ নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গেলেও কেউ তা রাখেননি। নানা সমস্যা থাকায় আমার পক্ষে ওই বিদ্যালয়ে চাকরি করা সম্ভব নয়। তাই গত ৭ জানুয়ারি অন্যত্র বদলির জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছি।’
মাছুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বলেন, রিপা রানী রায় কাউকে কিছু না জানিয়ে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত। এতে পাঠদান ব্যাহত হচ্ছে।
নগদাপাড়া নবঘোষিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিপ্রা রানী সরকার বলেন, নাছরিন আজাদ ছুটির জন্য কোনো আবেদন না করেই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন বলেন, অনুমতি না নিয়েই ওই দুজন শিক্ষক দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য গত সপ্তাহে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে।