দুই শিক্ষককে 'গোপনে' নিয়োগ, যোগদানে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার চকমহব্বতপুর উচ্চবিদ্যালয়ে গোপনে দুই শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছে। নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা যোগ দিতে এলে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির কিছু সদস্য ও স্থানীয় লোকজন বাধা দেন। এ বিবাদের সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকও লাঞ্ছিত হন।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য নায়েব আলী, ইনতাজ আলী এবং পোড়াকয়া গ্রামের আবদুল হান্নানসহ কয়েকজন অভিযোগ করেন, গোপনে শিক্ষকদের অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা এ বিষয়ে কিছু জানেন না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মোটা অঙ্কের টাকা নিয়ে তাঁদের নিয়োগ দিয়েছেন।
প্রধান শিক্ষক বলেন, দুজন শিক্ষককে বৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। কয়েকজন সদস্য নিয়োগসংক্রান্ত কাগজপত্রে সই করেননি।
পাঁচজন প্রত্যক্ষদর্শী বলেন, সহকারী প্রধান শিক্ষক পদে আশরাফুল ইসলাম ও সহকারী শিক্ষক পদে হাবিবা খাতুন গতকাল মঙ্গলবার সকালে যোগদান করতে বিদ্যালয়ে আসেন। এ সময় গণিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় বাসিন্দা হারুণ অর রশিদ এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির চারজন সদস্য ওই শিক্ষকদের কাছে নিয়োগ নিয়ে কিছু প্রশ্ন করেন। কিন্তু শিক্ষকেরা কবে এবং কীভাবে নিয়োগ পেয়েছেন, এ ব্যাপারে সন্তোষজনক জবাব দিতে পারেননি। জবাব না পাওয়ায় শিক্ষকদের যোগদানে বাধা দেওয়া হয়। প্রধান শিক্ষক আশরাফুল ও হাবিবাকে যোগদান করতে সহযোগিতা করার চেষ্টা করেন। এ সময় বিক্ষুব্ধ ব্যক্তিরা প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ খবরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বিদ্যালয়ে আসে। পরে উভয় পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে নিয়োগ পাওয়া শিক্ষকেরা এ বিষয়ে কোনো কথা বলতে চাননি।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসানের মুঠোফোনে কয়েক দফা ফোন করা হলেও তিনি তা ধরেননি। তবে প্রধান শিক্ষক অভিযোগ করেন, গণিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুণ অর রশিদ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাইল হোসেনের লোকজন তাঁর ওপর হামলা করেছেন এবং শিক্ষকদের যোগদানে বাধা দিয়েছেন।
হারুণ অর রশিদ বলেন, প্রধান শিক্ষক আফসার আলীর লোকজনই দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ধাওয়া করেছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম মাহমুদ হাসানের দপ্তরে যোগাযোগ করে জানা যায়, তিনি ছুটিতে আছেন। বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।