শেরপুর সদর উপজেলায় গতকাল রোববার এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সহযোগিতা করার দায়ে দুই শিক্ষকসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পরীক্ষাকেন্দ্রে পরিদর্শককে লাঞ্ছিত করায় ছাত্রলীগের এক কর্মীকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সহযোগিতা করার দায়ে দণ্ডিত ব্যক্তিরা হলেন শেরপুর সদর উপজেলার আফছর আলী আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নূর ইসলাম, বেতমারী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনছর আলী আকন্দ এবং এসএম মডেল স্কুলের অফিস সহায়ক মো. শিপন মিয়া (১৮)। নূর ইসলামকে দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, মনছর আলীকে এক মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা এবং শিপনকে ছয় মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার তামান্না আক্তার গতকাল দুপুরে আফছর আলী আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে তাঁদের এই সাজা দেন। বিকেলে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।
জেলা প্রশাসন ও কেন্দ্রসচিব সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পর আফছর আলী আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে কর্তব্যরত নূর ইসলাম নৈর্ব্যক্তিক অংশের প্রশ্ন মুঠোফোনে ধারণ এবং বাইরে থেকে সঠিক উত্তর সংগ্রহ করে তা কয়েকজন পরীক্ষার্থীকে সরবরাহ করেন। বিষয়টি নির্বাহী হাকিম তামান্না আক্তারের নজরে আসে। সকাল সাড়ে ১০টায় নৈর্ব্যক্তিক অংশের উত্তর লেখার সময় শেষ হয়ে গেলেও মনছর আলী ও শিপন ১০ মিনিট দেরি করে পরীক্ষার্থীদের কাছ থেকে উত্তরপত্র সংগ্রহ করেন। বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে আসে। পরে ভ্রাম্যমাণ আদালত ওই তিনজনকে সাজা দেন। এ ছাড়া তাঁদের পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়।
নান্দাইলে সাজা পাওয়া ছাত্রলীগের কর্মীর নাম হাফিজুল ইসলাম। তাঁর বাড়ি নান্দাইল পৌরসভার চারআনিপাড়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে পরিদর্শকের দায়িত্বে ছিলেন ওই বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ের শিক্ষক মো. আহসান উল্লাহ। পরীক্ষা শুরু হওয়ার আগে হাফিজুল ইসলাম বিদ্যালয়ের মূল ফটক পার হয়ে আহসান উল্লাহর কক্ষে জোর করে ঢুকতে চান। বাধা দিলে হাফিজুল তাঁকে (আহসান উল্লাহ) ধাক্কা দিয়ে ফেলে দেন। তখন কেন্দ্রে দায়িত্বরত পুলিশের সদস্যরা হাফিজুলকে আটক করেন। দুপুরে সহকারী কমিশনার (ভূমি) তামিম আল ইয়ামীনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে হাফিজুলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, হাফিজুল ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।