দুই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভয় দেখানোর অভিযোগ
মানববন্ধনে বাধা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে কুষ্টিয়ার সদর উপজেলায় হাসানবাগ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। গত সোমবার সদর ইউএনও কার্যালয়ে গিয়ে তারা এ স্মারকলিপি দেয়।
এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ইউএনও খোদেজা খাতুন। যে দুজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তাঁরা হলেন সহকারী শিক্ষক রফিকুল ইসলাম ও ধর্মীয় শিক্ষক রুহুল আমিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কার্যালয়, বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও ছাত্রী সূত্রে জানা গেছে, স্কুল পরিচালনা পর্ষদের আহ্বায়ক কমিটি গঠন করা নিয়ে ৮ আগস্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম ও আরেক শিক্ষককে মারধর করার অভিযোগ ওঠে যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের প্রতিবাদে ৯ আগস্ট ক্লাস বর্জন করে বিদ্যালয়টির ছাত্রীরা।
পরে জেলা আওয়ামী লীগের নেতাদের মধ্যস্থতায় এক সমঝোতা বৈঠকে ক্ষমা চান যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এরপর ওই স্কুলে স্বাভাবিক অবস্থা ফিরে আসে।
এ ঘটনায় ৯ আগস্ট প্রথম আলোতে ‘ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে শিক্ষকদের মারধরের অভিযোগ’, ১০ আগস্ট ‘দুই শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে ছাত্রীদের ক্লাস বর্জন’ ও ১৮ আগস্ট ‘সেই শিক্ষকের কাছে ক্ষমা চাইলেন যুবলীগ ও ছাত্রলীগ নেতারা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
এদিকে, ঘটনার প্রায় ২০ দিন পর সোমবার দুপুরে বিদ্যালয়ের প্রায় ৩৫০ জন ছাত্রীর মধ্যে ৩৪ জন ছাত্রী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেয়। এতে তারা উল্লেখ করে, প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে ছাত্রীরা সেই সময়ে মানববন্ধন করতে গেলে দুই শিক্ষক রফিকুল ইসলাম ও রুহুল আমিন ভয়ভীতি দেখান। মানববন্ধন করলে তাদের অ্যাসিড ছোড়া হবে বলে হুমকি দেওয়া হয়। এ ছাড়া ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণও করা হয় বলে অভিযোগ করা হয়।
তবে রফিকুল ইসলাম ও রুহুল আমিন বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তাঁরা যড়যন্ত্রের শিকার।
এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছায়েদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আপাতত ওই দুই শিক্ষককে কর্ম থেকে বিরত রেখে তাঁদের বেতন-ভাতা বন্ধের জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর স্কুলে গিয়ে বিষয়টি তদন্ত করা হবে।’