দুই শিক্ষকের হাতাহাতি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা পাবলিক দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজার রহমান ও সহকারী শিক্ষক আতোয়ার হোসেনের মাঝে হাতাহাতি ও জুতা ছুড়ে মারার ঘটনা ঘটেছে। বিদ্যালয় চলার সময় গত বৃহস্পতিবার অফিসকক্ষে এ ঘটনা ঘটে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিদ্যালয় চলার সময় গত বৃহস্পতিবার দুপুরে অফিসকক্ষের ভেতর আজিজার ও আতোয়ারের মধ্যে বিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়ে নিয়ে কথা-কাটাকাটি হয়। উপস্থিত শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা ওই দুই শিক্ষককে থামানোর চেষ্টা করেন। এ সময় আজিজার আকস্মিকভাবে আতোয়ারের মুখে ঘুষি মারেন। এতে আতোয়ারের ঠোঁট ফেটে যায়। পরে আজিজারের দিকে আতোয়ার জুতা ছুড়ে মারেন। পরে অন্য শিক্ষকেরা উভয়কে থামিয়ে দিয়ে আতোয়ারকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যান। এ ঘটনায় গত শুক্রবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন আতোয়ার।
জানতে চাইলে আতোয়ার বলেন, ‘বিগত ১০ সাল থেকে বেসরকারি অংশের বেতন-ভাতা বন্ধ রয়েছে। বিষয়টি জানতে গেলে প্রধান শিক্ষক আমাকে কিল-ঘুষি মারেন, এতে ঠোঁট ফেটে যায়। পরে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিই। এ নিয়ে থানায় অভিযোগ করেছি।’ তবে তিনি প্রধান শিক্ষককে জুতা ছুড়ে মারেননি বলে দাবি করেন।
প্রধান শিক্ষক আজিজার বলেন, আতোয়ার বাউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হওয়ায় তাঁকে নানাভাবে হয়রানির চেষ্টা করছেন। ঘটনার দিন আতোয়ার প্রথমে তাঁকে ঘুষি মারেন। পরে আবার আক্রমণ করতে এলে তিনি আতোয়ারকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাতে পড়ে গিয়ে তাঁর (আতোয়ার) ঠোঁট ফাটতে পারে। তবে বিষয়টি নিয়ে আজ রোববার বেলা ১১টায় বিদ্যালয় পরিচালনা কমিটির জরুির সভা হবে।
এ বিষয়ে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম গতকাল শনিবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনায় বৈঠক দিয়েছি, বৈঠককে আলোচনা হবে। এটা নিয়ে নিয়ে আপনারা সাংবাদিকেরা এত ব্যস্ত কেন? এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়।’
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর বলেন, ‘এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি যেহেতু শিক্ষকদের নিয়ে, তাই স্থানীয় নেতারা তা মীমাংসা করবেন বলে শুনেছি।’