রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ‘আপত্তিকর প্রশ্নে’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই শিক্ষা কর্মকর্তাকে প্রত্যাহার ও এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার জেলা পরিষদে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে এ ঘটনায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ এনে উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, গত রোববার চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা ছিল। এতে ৫০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নের একটিতে বলা হয়, স্বাধীনতা যুদ্ধের অবিসংবাদিত নেতা হিসেবে কোন নামটি যথার্থ: (ক) জিয়াউর রহমান (খ) জেনারেল ভুট্টো (গ) ইসতিয়াক আহম্মেদ (ঘ) মুহাম্মদ আলী জিন্নাহ। আরেকটিতে বলা হয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে আরেকটি দেশের নাম যুক্ত ছিল। সেই দেশটির নাম কী? (ক) ভারত (খ) নেপাল (গ) পাকিস্তান (ঘ) আফগানিস্তান। ওই প্রশ্ন তৈরির অভিযোগে উপজেলার শিজক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নেলি চাকমাকে সাময়িক বরখাস্ত এবং দায়িত্বে অবহেলার অভিযোগে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. আবদুল করিম ও সহকারী শিক্ষা কর্মকর্তা লাপ্রু চাই মারমাকে জেলা পরিষদে প্রত্যাহার করা হয়েছে।
জানতে চাইলে নেলি চাকমা প্রথম আলোকে বলেন, ‘ভুল করে এক প্রশ্নের উত্তর আরেক প্রশ্নে লেখা হয়ে যায়। এ জন্য আমি দুঃখিত, মর্মাহত।’
বাঘাইছড়ি শিক্ষা কার্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আবদুল করিম বলেন, ‘নেলি চাকমা খুবই ভালো শিক্ষিকা। এ জন্য আমরা ওই প্রশ্ন যাচাই করিনি।’
জেলা শিক্ষা কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে কাচালং ডিগ্রি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ রোড, চৌমুহনী ও হাজীপাড়া সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ হয়। এতে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সুজিত চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবদুল শুক্কুর মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. পারভেজ আলী প্রমুখ। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন।