দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীকে জিম্মি করে ২০ হাজার টাকা আদায় করেছে একদল দুর্বৃত্ত। গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ডেইরি খামার এলাকায় এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় কৃষি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশফাক ইশতিয়াক তাঁর বান্ধবীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ডেইরি খামার এলাকায় ঘুরতে যান। রাত আটটার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাঁদের আটক করে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তাঁদের মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে তারা আশফাকের পরিবারের কাছে ফোন করে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা পাঠাতে বলে। চার ঘণ্টা পর রাতে ১২টার দিকে ওই টাকা পাওয়ার পর দুর্বৃত্তরা তাঁদের ছেড়ে দেয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, সেখান থেকে ফিরে এসে আশফাক ইশতিয়াক রাতেই ঘটনাটি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নিরাপত্তাকর্মীদের মৌখিকভাবে জানান এবং গতকাল বৃহস্পতিবার সকালে এ ব্যাপারে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন। তবে তাঁরা কাউকে চিনতে পারেননি বলে জানিয়েছেন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুই নিরাপত্তাকর্মীকে কারণ দর্শাতে বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।