রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুই শিক্ষার্থী হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাহিনুল ইসলাম ও সাইফুল ইসলাম। ঘটনার প্রতিবাদে গতকাল রোববার দুপুরে মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শী ও তাঁদের সহপাঠীরা বলেন, শনিবার রাতে রাহিনুল ও সাইফুল বিশ্ববিদ্যালয় রেলস্টেশনের প্ল্যাটফর্মে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ করেই তিন-চারজন এসে রাহিনুলকে রড দিয়ে বেধড়ক পেটাতে শুরু করে। এতে তিনি মাথায় ও পিঠে গুরুতর আঘাত পান। এ সময় দুর্বৃত্তরা রাহিনুলের সঙ্গে থাকা সাইফুলকেও পেটায়। একটু দূরে থাকা তাঁদের সহপাঠীরা রাহিনুল ও সাইফুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান বলেন, ‘ঘটনাটি জেনেছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’