দুই শিক্ষার্থীকে পেটানোর ঘটনায় শিক্ষার্থীদের ক্লাস বর্জন
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দুই ছাত্রকে পিটিয়ে আহত করার ঘটনায় দুই শিক্ষকের বিচারের দাবিতে ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা। গত রোববার পলিশা উচ্চবিদ্যালয়ে মঞ্জুরুল হক ও মো. শ্যামল নামের দুই শিক্ষকের পিটুনিতে দুই ছাত্র আহত হয়।
আহত দুই ছাত্র মো. নূরুন্নবী ও তার চাচাতো ভাই আল আমিন দশম শ্রেণির ছাত্র। নূরুন্নবীর বাবার নাম আবদুল লতিফ আর আল আমিনের বাবার নাম মোশারফ হোসেন। তাদের বাড়ি উপজেলার আদারভিটা এলাকার মুকন্দবাড়ী গ্রামে।
বিদ্যালয় ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সোমবার সকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে অভিযুক্ত শিক্ষকদের শাস্তির দাবি তোলে। একপর্যায়ে দাবি আদায়ে তারা ক্লাস বর্জন করে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, ওই দুই ছাত্রকে শাসন করা হয়েছিল মাত্র। এ ঘটনার বিচারের দাবিতে শিক্ষার্থীরা গতকাল ক্লাস বর্জন করে। পরে অভিভাবকদের সঙ্গে সালিস বৈঠকের মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়।
এ বিষয়ে কথা বলতে গতকাল িক্ষক মঞ্জুরুল হক ও মো. শ্যামলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়।
ওই বিদ্যালয় মাঠে গত রোববার শিক্ষার্থীদের শারীরিক কসরত (পিটি) চলার সময় শিক্ষার্থী আল আমিন তার এক সহপাঠীর কাঁধে হাত রেখে দাঁড়ায়। এতে ক্ষিপ্ত শিক্ষক মঞ্জুরুল হক তাকে মারধর শুরু করেন। আল আমিনের চাচাতো ভাই নূরুন্নবী এর প্রতিবাদ করলে আরেক শিক্ষক মো. শ্যামল ক্ষিপ্ত হয়ে নূরুন্নবীকে পেটান। এ ঘটনায় প্রথম আলোতে গতকাল একটি সংবাদ প্রকাশিত হয়।