দুই শিক্ষার্থীকে পেটাল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলার উত্তরা কলেজে চাঁদা না পেয়ে ছাত্রলীগ কর্মীরা দুই শিক্ষার্থীকে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে মারপিটের এ ঘটনা ঘটে।
আহত দুই শিক্ষার্থী ওই কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র। এঁরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী গোলাম কুদরত অনতু (২০) ও রাসেল আহমেদ (২০)। আহত শিক্ষার্থী অনতুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন রাসেল।
প্রত্যক্ষদর্শী চার-পাঁচজন শিক্ষার্থী জানান, কলেজে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার ফরম পূরণ চলছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অনতু ও তাঁর বন্ধু রাসেল ফরম পূরণের জন্য দোতলার একটি কক্ষে অবস্থান করছিলেন। বেলা ১১টার দিকে ওই কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি আকতার হোসেনের নেতৃত্বে হাসান, মনির, তুষার, বিপুলসহ ১৪-১৫ জন কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেন। এরপর ওই কক্ষে প্রবেশ করেই তাঁরা রাসেলকে মারপিট শুরু করেন। এ সময় রাসেলকে বাঁচাতে অনতু এগিয়ে গেলে তাঁকেও পেটানো শুরু করেন তাঁরা। পরে দোতলার ওই কক্ষ থেকে তাঁদের দুজনকে ধরে মাঠের মধ্যে এনে পিটিয়ে গুরুতর জখম করা হয়। শিক্ষার্থীরা তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য দেলুয়াবাড়ী বাজারের চিকিৎসক রুবেল হোসেনের চেম্বারে নেন। পরে দুপুর ১২টার দিকে ছাত্রলীগ ক্যাডাররা ওই চিকিৎসকের চেম্বার থেকে টেনেহিঁচড়ে বের করে আবারও অনতুকে মারপিট করতে শুরু করেন। এ অবস্থায় অনতু জ্ঞান হারিয়ে ফেললে তাঁরা সেখান থেকে সটকে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাসেল দাবি করেন, ১০-১২ দিন আগে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান তিন হাজার টাকা চেয়েছেন। ওই টাকা দিতে রাজি না হওয়ায় তিনি তাঁকে কলেজছাড়া করার হুমকি দেন।
এ ব্যাপারে আহত অনতুর বাবা গোলাম নবী বলেন, রাসেলের কাছ নাকি ছাত্রলীগের কর্মীরা চাঁদা চেয়েছিল। চাঁদার টাকা না পেয়ে তাঁদের মারপিট করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তবে ছাত্রলীগ নেতা হাসান দাবি করেন, ‘গতকালের মারামারির সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। রাসেল ও অন্তু ছাত্রদল করে। তাদের অভ্যন্তরীণ কোন্দলে মারপিটের ঘটনা ঘটেছে। এখন চাঁদাবাজির কথা বলে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে তারা। আমি রাসেলের কাছে কোনো টাকা চাইনি, ফোনও করিনি।’
কলেজ অধ্যক্ষ ফজলুর রহমান জানান, আকতার ও হাসান দুই বছর আগে কলেজ থেকে বেরিয়ে গেছে। আকতার কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। এঁরা প্রায়ই ছাত্রছাত্রী ভর্তি ও বিভিন্ন পরীক্ষার ফরম পূরণের সময় কলেজে এসে অহেতুক ঝামেলার সৃষ্টি করে। ভর্তি-ইচ্ছুক ও পরীক্ষার্থীদের ছাত্রলীগ পরিচয় দিয়ে বিনা খরচায় ভর্তি ও ফরম পূরণ করিয়ে নেয়। কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে ঠিকই টাকা আদায় করেন। এঁদের জ্বালায় কলেজ কর্তৃপক্ষ অতিষ্ঠ।
ক্যাম্পাসে শিক্ষার্থীকে মারপিটের ঘটনায় মামলা করবেন কি না, জানতে চাইলে অধ্যক্ষ বলেন, সোমবার কলেজ পরিচালনা কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে এ ব্যাপারে আকতার হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।