দুই শিক্ষার্থীকে মারধর ছাত্রলীগের কর্মীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হলে গত মঙ্গলবার রাতে দুই শিক্ষার্থীকে বেদম মারধর করেছেন ছাত্রলীগের কর্মীরা। এর মধ্যে জগন্নাথ হলের ক্যানটিনে মারধর করা হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মাসুদ আল মাহদীকে। একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আলী আহসান ভূইয়া মারধরের শিকার হন বিজয় একাত্তর হলে।
মাসুদ এ ব্যাপারে লিখিতভাবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলীর কাছে অভিযোগ করেছেন। এ দুই ঘটনায় দুজনকে পুলিশে দেওয়া হয়েছে।
মাসুদের সহপাঠী মীর আরশাদুল হক বলেন, তাঁরা দুজন রাতের খাবার খেতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জগন্নাথ হলের অক্টোবর স্মৃতি ভবনের ক্যানটিনে যান। তাঁদের পাশে বসা সৌমিত্র ও অনিক নামের দুজন খাবারের অপেক্ষা করছিলেন। ক্যানটিনবয় ওই দুজনের কাছে খাবারের টোকেন চাইলে তাঁরা টোকেন ছাড়াই খাবার আনতে বলেন। মাসুদ এর প্রতিবাদ করায় অনিক মুঠোফোনে ছাত্রলীগ কর্মী শান্ত ধরকে খবর দেন। শান্ত ২০-২৫ জনসহ এসে মাসুদকে বেদম মারধর করেন।
এদিকে রাত সাড়ে ১১টার দিকে বিজয় একাত্তর হলে আলী আহসান ভূইয়াকে অতিথিকক্ষে আটকে রেখে মারধর করেন হল শাখা ছাত্রলীগের পদপ্রত্যাশী আরিফুল ইসলাম ও তাঁর অনুসারীরা। হলসূত্র জানায়, নিজ নিজ দল তৈরির জন্য ছাত্রলীগের পদপ্রত্যাশীরা সদ্য চালু হওয়া এই হলের অতিথিকক্ষে প্রথম বর্ষের ছাত্রদের ডেকে নিয়ে ‘রাজনৈতিক আচরণ’ শিক্ষা দেন। আলী আহসান এর ভিডিওচিত্র ধারণ করতে গেলে তাঁকে প্রায় এক ঘণ্টা আটকে রেখে মারধর করা হয়।