দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা হলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফসানা আক্তার ওরফে বাবলি (২০) ও তেজগাঁওয়ের পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র মিলন মিয়া (১৮)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ বলেছে, পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র মিলন মিয়া পূর্ব নাখালপাড়ায় একটি মেসে থাকতেন। গতকাল রোববার সকালে পুলিশ পূর্ব নাখালপাড়ার ওই মেসের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় বিছানার চাদর প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, লাশটিতে প্রায় পচন ধরেছিল। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, ঘটনাটি আত্মহত্যাজনিত। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার মাচান গ্রামে। তার বাঁবার নাম সেলিম মিয়া।
গত শনিবার রাতে কলাবাগান থানার পুলিশ কলাবাগান প্রথম লেনের একটি বাসার দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় আফসানার ঝুলন্ত লাশ উদ্ধার করে। তিনি কলাবাগানের একটি মেসে থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ধানমন্ডি শাখার সফটওয়্যার প্রকৌশল বিভাগে পড়তেন। আফসানার রুমমেট শাম্মী আক্তার বলেন, শনিবার সন্ধ্যায় মেসে ফিরে দরজার কড়া নাড়েন ও তার মোবাইল ফোনে যোগাযোগ করে আফসানার কোনো সাড়া পাননি। এরপর তিনি বাড়ির মালিককে এ খবর জানান। বাড়ির মালিক বিষয়টি কলাবাগান থানায় জানালে পুলিশ এসে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে।