দুই শিশু ও কলেজছাত্রী ধর্ষণের শিকার
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এক স্কুলছাত্রী ও কলেজছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এদিকে নেত্রকোনার কলমাকান্দায় একটি শিশু ধর্ষণের শিকার হয়।
নাজিরপুরের দুটি ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। গত বুধবার রাতে স্কুলছাত্রীর বাবা ও কলেজছাত্রী নিজে বাদী হয়ে মামলা দুটি করেন। স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সোলায়মান শেখ (৩৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার সকালে চতুর্থ শ্রেণির (১২) ওই ছাত্রীকে তার বাড়ি থেকে উপজেলার হোগলবুনিয়া গ্রামের আসাদ শেখ (৩০) ও একই গ্রামের সোলায়মান শেখ (৩৫) ডেকে নিয়ে যান। এরপর মেয়েটিকে জোর করে গোপালগঞ্জের কোটালীপাড়ার একটি বাড়িতে নিয়ে শিকল দিয়ে বেঁধে রেখে তিন দিন ধর্ষণ করেন। গত মঙ্গলবার এক ব্যক্তি মেয়েটির বাবাকে মুঠোফোনে বিষয়টি জানান। সন্ধ্যায় তিনি মেয়েটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। গত বুধবার সন্ধ্যায় উপজেলার তৈয়বের হাট এলাকায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনায় সালিসের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে থানার পুলিশ রাতে স্কুলছাত্রীকে উদ্ধার ও সোলায়মানকে আটক করে।
থানায় দায়ের করা মামলায় কলেজছাত্রী অভিযোগ করে, তার বাড়ি পার্শ্ববর্তী বাগেরহাটের চিতলমারী উপজেলায়। সে নাজিরপুর উপজেলার একটি কলেজের ছাত্রী। উপজেলার দিঘিরজান গ্রামের কামরুল হাওলাদার (২৫) কয়েক দিন ধরে কলেজে আসা-যাওয়ার পথে তাকে উত্ত্যক্ত করে আসছিলেন। গত ১৯ আগস্ট সকালে কলেজে যাওয়ার সময় কামরুল হাওলাদার এক সহযোগীকে নিয়ে তাকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে এক বাড়িতে আটকে রেখে ধর্ষণ করেন। রাতে কামরুল মোটরসাইকেলযোগে নিয়ে বাঘাজোড়া গ্রামের সড়ক দিয়ে যাওয়ার সময় মেয়েটি চিৎকার দেয়। এ সময় কামরুল তাকে সড়কের পাশে একটি ডোবায় ফেলে হত্যার চেষ্টা করেন। তার চিৎকার শুনে লোকজন ঘটনাস্থলে এসে কামরুলকে আটক ও তাকে উদ্ধার করে মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ বি এম ফয়সাল আলমের বাড়িতে নিয়ে যান। চেয়ারম্যান বিষয়টি মীমাংসা করার কথা বলে তাকে তার বাবার কাছে দিয়ে দেন ও কামরুলকে ছেড়ে দেন। পরে বিষয়টি মীমাংসা না হওয়ায় মেয়েটি বাদী হয়ে কামরুল ও অজ্ঞাতনামা এক ব্যক্তিকে আসামি করে থানায় মামলা করে।
কলমাকান্দার পুলিশ, হাসপাতাল ও ধর্ষণের শিকার শিশুর পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার আগে শিশুটি বাড়ির সামনে খেলাধুলা করছিল। প্রতিবেশী কদ্দুস মিয়ার ছেলে জালাল মিয়া (২৩) শিশুটিকে একা পেয়ে পাশের ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে জালাল দৌড়ে পালিয়ে যান। শিশুটিকে উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।