দুই শিশু ও তরুণীকে ধর্ষণের অভিযোগ
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গত রোববার এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। একই দিন ফরিদপুরের চরভদ্রাসনে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী ও গোপালগঞ্জ সদরে প্রথম শ্রেণির আরেক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে।
বরিশালের আগৈলঝাড়ায় ধর্ষণের শিকার তরুণী একটি পোশাক কারখানার কর্মী। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার ওই তরুণী বিবাহিত। কাজের সুবাদে কয়েক দিন আগে তাঁর সঙ্গে একই উপজেলার এক জাহিদ হোসেনের (২৬) পরিচয় হয়। জাহিদ আত্মীয়ের বাড়িতে বেড়ানোর কথা বলে রোববার রাতে তরুণীকে মাহিলাড়া গ্রামে নিয়ে যান। সেখানে কামরুল ও সাঈদ নামের আরও দুই তরুণের সঙ্গে তরুণীকে পরিচয় করিয়ে দেন জাহিদ। এরপর তাঁরা তরুণীকে নিয়ে আগৈলঝাড়ার একটি বাড়িতে যান। সেখানে ওই তিন তরুণের সঙ্গে যুক্ত হন স্বপন, সুজন ও শাহাদাতসহ আরও তিন-চার জন। ওই তরুণী অভিযোগ করেন, সেখানে তরুণেরা তাঁকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। সোমবার রাতে ওই তরুণী সাতজনের নাম উল্লেখসহ ৮-১০ জনের বিরুদ্ধে মামলা করেন।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সাঈদ, শাহাদত ও হুমায়ুনের স্ত্রী কথা বলতে রাজি হননি।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় সাঈদ, শাহাদত ও হুমায়ুনের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে এক দিনমজুরের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া নয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে। রোববার সন্ধ্যায় বাড়ির পাশের একটি গমখেতে এ ঘটনা ঘটে। দুজন এলাকাবাসী বলেন, স্থানীয় মাতুব্বর গোষ্ঠী এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য প্রাথমিক পর্যায়ে শিশুটিকে হাসপাতালে নিতে দেয় নাই। তবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পারভেজ চৌধুরীর হস্তক্ষেপে সোমবার রাত ১০টার দিকে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ কাজে সহায়তা করেন চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার বিশ্বাস।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. মহিউদ্দীন বলেন, ‘আমি শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিয়েছি। তবে শিশুটির অভিভাবকেরা গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তাকে স্থানান্তরের উদ্যোগ নেননি।’
শিশুটি বলে, স্থানীয় স্বপন নামের একজন আগে থেকেই তাকে খারাপ কথা বলে আসছিলেন। ঘটনার সময় ছাগলের ঘাস আনতে মাঠে গেলে তিনি তার সঙ্গে খারাপ কাজ করেন।
এসআই স্বপন কুমার বিশ্বাস বলেন, ‘সোমবার রাতে শিশুর বাবাকে থানায় এনে অভিযোগ দেওয়ার জন্য বলেছি। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত তিনি অভিযোগ দেননি।’ শিশুর বাবা বলেন, ‘আমি একা ও অসহায়। এলাকার মাতুব্বরদের সিদ্ধান্তের বাইরে যেতে পারি না। মাতুব্বরেরা মামলা না করার বিনিময়ে চার লাখ টাকা ও একটি ঘর মেয়ের নামে লিখে দিতে চাইছেন। তাই আমি এখনো মামলা করিনি।’
এদিকে গোপালগঞ্জ সদরে প্রথম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিশুটির মা সোমবার সকালে সদর থানায় মামলা করেছেন। পুলিশ ও শিশুটির পরিবার জানায়, রোববার সন্ধ্যায় সদরের ফেরদৌস মিয়া শিশুটিকে ধর্ষণ করেন। রাতেই শিশুটিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, পুলিশ ফেরদৌসকে গ্রেপ্তারের চেষ্টা করছে।