দুই শিশু-কিশোরী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ৪
রাজধানীতে পৃথক ঘটনায় দুই শিশু-কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। গতকাল বুধবার তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষা হয়েছে। এসব ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জুয়েল, তাঁর ভাই মাসুদ ও তাঁদের ভগ্নিপতি শহীদুল ইসলাম এবং সোহেল মুন্সি।
খিলগাঁও থানার পুলিশ জানায়, গত সোমবার খিলগাঁও থানার পশ্চিম নন্দীপাড়ার বাসিন্দা জুয়েল তাঁর প্রতিবেশী এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকার বাইরে নিয়ে যান। কিশোরীর বাবা এ ঘটনায় জুয়েল, মাসুদ ও শহীদুল ইসলামের বিরুদ্ধে খিলগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক গতকল প্রথম আলোকে বলেন, কিশোরীসহ আসামিদের কৌশলে ঢাকার নন্দীপাড়ায় ডেকে আনা হয়। পরে আসামি জুয়েল, মাসুদ ও শহীদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে কিশোরীকে উদ্ধার করে ঢাকা ডাক্তারি পরীক্ষার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
একই দিন মিরহাজিরবাগে বাসায় ডেকে নিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগে সোহেল মুন্সি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার
করেছে পুলিশ। গতকাল ধর্ষণের শিকার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়।