দুই শিশু খুন, দাসহ বাবা গ্রেপ্তার
কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুই শিশু খুন হয়েছে। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার গাইনাকাটা গ্রামে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে রক্তাক্ত দাসহ শিশু দুটির বাবাকে গ্রেপ্তার করে পুলিশ।
নিহত দুই শিশু হলো জামাল হোসেন (৬) ও তানজিনা বেগম (৩)। তাদের বাবার নাম মোহাম্মদ কাশেম (৪৫)। সে মিয়ানমারের আকিয়াব জেলার বাসিন্দা বলে দাবি করেছে পুলিশ। কাশেম ১০ বছর আগে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এরপর থেকে গাইনাকাটা গ্রামে স্ত্রী ও ছয় সন্তান নিয়ে বসবাস করে আসছে।
কাশেমের স্ত্রী সাইরা খাতুন (৩৮) প্রথম আলোকে বলেন, কাশেম মাঝেমধ্যে পাগলামি করত। সংসারে আর্থিক অনটনের কারণে তাঁদের মধ্যে প্রায়ই কলহ হতো। সোমবার রাতে দুজনের মধ্যে সামান্য বাগ্বিতণ্ডা হয়। এর জেরে কাশেম ঘরের আসবাবপত্র বাইরে ছুড়ে ফেলে দেয়। একপর্যায়ে একটি ছাগলকে কুপিয়ে মারে। থামাতে গেলে তাঁর এক হাতে কামড় দেয়। পরে ভয়ে সাইরা খাতুন ও বড় ছেলে সাকের হোসেন ঘর থেকে দৌড়ে পালিয়ে যান।
সাইরা খাতুন আরও বলেন, এর পরপরই কাশেম তার দুই শিশুসন্তান জামাল ও তানজিনাকে কুপিয়ে হত্যা করে। এ ছাড়া ঘরে থাকা অন্য তিনটি ছাগলকেও কুপিয়ে মারে কাশেম।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, কাশেম দুই শিশুসন্তান ও তিনটি ছাগলকে কুপিয়ে মারার পর গ্রামের অন্য লোকদের ওপর হামলার চেষ্টা করে। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ দাসহ কাশেমকে আটক করে। গতকাল মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য দুই শিশুর লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বাদী হয়ে কাশেমের বিরুদ্ধে একটি হত্যা ও অনুপ্রবেশের অভিযোগে আরেকটি মামলা করেন। বিদেশি নাগরিক সম্পর্কিত মামলায় কাশেমের স্ত্রী সাইরা খাতুনকেও আসামি করা হয়েছে।
গত ১৫ মে একই উপজেলার নিদানতরনী গ্রামের আবদুল গণি তাঁর তিন শিশুকন্যা আয়েশা সিদ্দিকা (১১), শিরু জান্নাত (৮) ও তফুরা জান্নাতকে (৩) গলা কেটে হত্যা করে।