দুই শিশু ধর্ষণের শিকার, দুজন গ্রেপ্তার

গোপালগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে গত বুধবার রাতে নবম শ্রেণির ছাত্রী ও পটুয়াখালীর বাউফল উপজেলায় গত মঙ্গলবার রাতে এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশু (১৩) ধর্ষণের শিকার হয়েছে।
ওই ছাত্রীর মা বলেন, ‘আমার মেয়ের বার্ষিক পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে আমার মেয়ে ঘরের পড়ার টেবিলে বসে পড়াশোনা করছিল। এ সময় সাতপাড় ইউনিয়নের সাতপাড় গ্রামের প্রণব কান্তি বিশ্বাস দরজার কড়া নেড়ে দরজা খুলতে বলে। দরজা খুলে দিলে প্রণব বিশ্বাস এবং তার সহযোগী কাজল মোল্লা আমাকে ও আমার ছোট ছেলের মুখ বেঁধে আমার মেয়েকে একটি মোটরসাইকেলে করে নিয়ে গিয়ে ধর্ষণ করে। আনুমানিক দুই ঘণ্টা পর কাজল মোটরসাইকেলে করে মেয়েকে নিয়ে আসার সময় এলাকাবাসী কাজল মোল্লাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় প্রণব কান্তি বিশ্বাস পালিয়ে যায়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শওগাতুল আলম বলেছেন, গতকাল বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা করেছেন। এ মামলায় সাতপাড় ইউনিয়নের সাতপাড় গ্রামের প্রণব কান্তি বিশ্বাস (৩৩) ও কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া গ্রামের কাজল মোল্লাকে (২৮) আসামি করা হয়েছে। মামলার আসামি কাজলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামি প্রণব কান্তি বিশ্বাসকে গ্রেপ্তারের অভিযান চলছে।
ধর্ষণের এ ঘটনার প্রতিবাদে গতকাল দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত ওই ছাত্রীর সহপাঠী, শিক্ষার্থী ও শিক্ষকেরা স্কুলের সামনে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে মানববন্ধন করেন। পরে তাঁরা বিক্ষোভ এবং ধর্ষণকারীর শাস্তি দাবি করেন।
ওই স্কুলের প্রধান শিক্ষক বলেন, এ ঘটনার পর ওই শিক্ষার্থী বৃহস্পতিবারের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা দিতে পারেনি।
এদিকে বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে কুদ্দুস বেপারি (৪৫) নামের এক ব্যক্তিকে পুলিশ গতকাল গ্রেপ্তার করেছে।
কুদ্দুস কালাইয়া ইউনিয়ন যুবলীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক। তবে তিনি ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন।
স্থানীয় বাসিন্দা, নির্যাতিত শিশুটির পরিবার, মামলার এজাহার ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর রাতে কুদ্দুস শিশুটিকে তুলে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর গা-ঢাকা দেন তিনি। গতকাল বেলা ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে কালাইয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
শিশুটির বাবা অভিযোগ করেন, বিষয়টি জানাজানি হলে একটি প্রভাবশালী মহল ও কুদ্দুস তাঁকে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেন। এরপরও তিনি গত বুধবার রাতে ধর্ষণের অভিযোগে কুদ্দুসের বিরুদ্ধে বাউফল থানায় একটি মামলা করেন। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বাউফল থানার ওসি আযম খান ফারুকী বলেন, আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।