দুই শিশুকে ধর্ষণ, ১জনকে ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী উপজেলায় গতকাল সোমবার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এর আগের দিন মাগুরার মহম্মদপুর উপজেলায় শিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সদর উপজেলায় পাঁচ বছরের শিশু ধর্ষণচেষ্টার শিকার হয়েছে।

মধুখালীর ওই শিশুর বাবা জানান, গতকাল সকাল নয়টার দিকে চাচাতো বোনের সঙ্গে তাঁর মেয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় পাশের গ্রামের এক যুবক (২৮) কৌশলে ঘরে নিয়ে তাকে ধর্ষণ করেন। মেয়ের চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে ওই যুবক পালিয়ে যান। মেয়েটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহকারী রেজিস্ট্রার আবু ফাত্তাহ বলেন, ‘ওই শিশুর রাসায়নিক পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করেছি। তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হয়েছে।’

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ধর্ষণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মাগুরার মহম্মদপুর থানার পুলিশ সূত্র জানায়, তৃতীয় শ্রেণির ওই শিশু প্রতিবেশী এক তরুণের কাছে প্রাইভেট পড়ত। গত রোববার সকাল ১০টার দিকে পড়াতে গিয়ে ওই তরুণ শিশুটিকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে বাড়ির লোকজন এলে ওই তরুণ পালিয়ে যান।

মহম্মদপুর থানার ওসি রিয়াজুল ইসলাম বলেন, শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য গতকাল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এদিকে সদর উপজেলায় মসজিদের এক ইমাম ও মক্তবের শিক্ষকের বিরুদ্ধে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি সালিসে দোষ স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করায় তাঁকে মসজিদ ও মক্তবের শিক্ষাদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি একটি মাদ্রাসারও শিক্ষক।

স্থানীয় ব্যক্তিরা বলেন, শনিবার ভোরে অন্য শিশুদের সঙ্গে ওই শিশু মসজিদের মক্তবে পড়তে যায়। সকাল সাতটার দিকে পড়া শেষে অন্য শিশুদের বাড়ি চলে যেতে বলেন ওই শিক্ষক। শুধু ওই শিশুটিকে থাকতে বলেন। পরে তিনি মসজিদসংলগ্ন তাঁর ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দিয়ে এ কথা কাউকে বলতে নিষেধ করেন। বাড়ি ফিরতে দেরি হওয়ায় শিশুটির দাদি মক্তবে এসে শিশুটিকে কাঁদতে দেখেন। শিশুটি তার দাদিকে ঘটনা জানায়। পরে রাত নয়টার দিকে গ্রামের মাতব্বর ও গণ্যমান্য ব্যক্তিরা মসজিদ এলাকায় সালিস বৈঠকে বসেন। এতে সালিসকারীরা ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা না করার সিদ্ধান্ত নেন।

অভিযুক্ত ব্যক্তি বলেন, ‘সালিসে সবার সামনে ক্ষমা চাইছি। সাত-আট বছর ধরে মসজিদে থাকি। মেয়েগুলোর বিয়ে দিতে হবে। আমাকে ক্ষমা করেন। আমার পাঁচটা মেয়ে। তারা মায়ের সঙ্গে গ্রামে থাকে।’

সালিসে উপস্থিত এক শিক্ষক বলেন, ‘দীর্ঘদিন মসজিদে ইমামতি করায় উপস্থিত সবাই মামলা-মোকদ্দমায় না গিয়ে তাঁকে বাঁচানোর জন্য একমত হন।’

মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু হেনা মিলন বলেন, ‘এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি। তাই বিষয়টি পুলিশের জানা নেই।’