দুই শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রায়েরবাজার ও যাত্রাবাড়ী এলাকায় দুই শিশু ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে এ দুটি ঘটনা ঘটে।
রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার (৩০) নামের এক রাজমিস্ত্রিকে এবং যাত্রাবাড়ীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে নাসির উদ্দিন (৩৫) নামের এক চাল ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেলোয়ারের বাড়ি ভোলার লালমোহনে। নাসিরের বাড়ি ঝালকাঠির উত্তর বারোকাঠিতে।
তিন বছরের শিশুটির বাবা মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছেন। শিশুটিকে রাখা হয়েছে তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে। মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) সুজানুর ইসলাম গতকাল দেলোয়ারকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল শুক্রবার রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকার খোকা সাহেবের বস্তিতে শিশুটির ভ্যানচালক বাবা ও গৃহকর্মী মায়ের সঙ্গে কথা হয়। প্রথম আলোকে তাঁরা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির মা নামাজ আদায় করছিলেন। এ সময় খেলতে খেলতে ঘর থেকে ওই শিশু বের হয়ে যায়। দীর্ঘ সময় তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে চিৎকার করে কাঁদতে শুরু করেন শিশুটির মা। এর কিছুক্ষণ পর পাশের গলিতেই দেলোয়ারের ঘরের বাইরে অন্ধকারে শিশুটিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
শিশুটির মা বলেন, শিশুটির কাছে এতক্ষণ সে কোথায় ছিল জানতে চাইলে দেলোয়ারের কক্ষটিকে সে ইশারা দিয়ে দেখায়। এ বিষয়ে দেলোয়ারকে জিজ্ঞেস করলে সে অস্বীকার করে। বস্তির লোকজন দেলোয়ারকে ধরে পুলিশে দেয়।
উপপরিদর্শক সুজানুর ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে এটি ধর্ষণের ঘটনা বলেই ধারণা করছেন তাঁরা। আজ শনিবার ডাক্তারি পরীক্ষা শেষে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে যাত্রাবাড়ীর গোবিন্দপুর এলাকায় ধর্ষণের শিকার হয়েছে আট বছরের আরেক শিশু। এ ঘটনায় শিশুটির বাবা যাত্রাবাড়ী থানায় মামলা করলে পুলিশ নাসির উদ্দিন নামের একজনকে গ্রেপ্তার করেছে। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আউয়াল আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, শিশুটির বাবা সিএনজিচালক। আসামি নাসির উদ্দিন চাল ব্যবসায়ী। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রাখা হয়েছে। চিকিৎসকেরা প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পেয়েছেন।
ওসি বলেন, নাসির মেয়েটির দূর সম্পর্কের আত্মীয় হন। মামলার অভিযোগপত্রে শিশুটির বাবা বলেছেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে প্রাইভেট পড়া শেষ করে বাসায় ফেরার পথে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে নিজের দোকানে শিশুটিকে নিয়ে যান নাসির। সেখানেই তাকে ধর্ষণ করা হয়।