দুই শিশুকে বিক্রির অভিযোগ, বাবা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় তিন লাখ টাকায় দুই কন্যাশিশুকে বিক্রি করার অভিযোগে মনির হোসেন (৩০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন তাঁর স্ত্রী। গত বুধবার রাতে আশুগঞ্জ থানায় করা মামলায় মনিরকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার দেখানো হয়েছে।
এলাকার কয়েকজন জানান, উপজেলার কান্দাপাড়া এলাকার মনির হোসেন বিদেশে যাওয়ার টাকা জোগাড় করতে তাঁর দুই শিশুকে রতন দেবনাথ নামের এক ব্যক্তির হাতে তুলে দেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী মনিরকে গত বুধবার রাতে আটক করে পুলিশে সোপর্দ করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৪ জানুয়ারি সকাল সাতটায় বেড়াতে যাওয়ার কথা বলে দুই শিশুকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি মনির। বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তাদের সন্ধান পাওয়া যায়নি। বুধবার শিশুদের মা রত্না বেগম মনিরের সন্ধান পেয়ে নবীনগর উপজেলার বীরগাঁও থেকে তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামের নাথপাড়ার রতন দেবনাথের কাছে দুই শিশুকে তিন লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন বলে স্বীকার করেন মনির। পরে পুলিশ উপজেলার আটক করে থানায় নিয়ে যায়। রাতে রত্না বেগম থানায় একটি মামলা করেন।
ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন বলেন, দুই শিশুকে বিক্রির কথা স্বীকার করেছেন মনির। তবে বিক্রি বাবদ রতনের কাছে থেকে কোনো টাকা পাননি বলে মনির পুলিশকে জানিয়েছেন। ক্রেতা রতন দেবনাথ পলাতক আছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।